নেতাজির জন্মবার্ষিকীর দিনই ফের উত্তপ্ত ভাটপাড়া। নেতাজির মূর্তিতে মাল্যদানকে ঘিরে বাঁধে তৃণমূল-বিজেপি সংঘর্ষ। ধুন্ধুমার কাণ্ডের সৃষ্টি হয়েছে বলে জানা গিয়েছে। উঠল বোমাবাজির অভিযোগও। দুটি গাড়ি ভাঙচুর করা হয়েছে বলে জানা গিয়েছে। ভাটপাড়ায় অর্জুন সিংয়ের ছেলে পবন সিং নেতাজির মূর্তিতে মাল্যদান করতে গেলেই বাঁধে সংঘর্ষ। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছন অর্জুন সিং।
সূত্রের খবর অনুযায়ী, আজ, রবিবার সকালে নেতাজির জন্মজয়ন্তী উপলক্ষ্যে একটি অনুষ্ঠানের আয়োজন করে বিজেপি। এই অনুষ্ঠানে নেতাজির মূর্তিতে মাল্যদান করেন বিজেপি সাংসদ অর্জুন সিংয়ের ছেলে পবন সিং। মালা দিয়ে বেরোনোর সময় তাঁকে পিছন থেকে তিন-চারজন ধাওয়া করে বলে অভিযোগ।
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছন খোদ অর্জুন সিং। তাঁর সঙ্গেও ধ্বস্তাধস্তি লাগে বলে জানা গিয়েছে। বিজেপি সাংসদকে লক্ষ্য চালায় ইটবৃষ্টি তৃণমূল কর্মীরা। শুরু হয় বোমাবাজিও। এর প্রতিবাদে পাল্টা বিক্ষোভ দেখায় বিজেপি কর্মীরা। এই নিয়েই সংঘর্ষ শুরু হয় দুই রাজনৈতিক দলের মধ্যে।
বিজেপির অভিযোগ, এই ঘটনায় পুলিশের ভূমিকা ছিল নিষ্ক্রিয়। পরিস্থিতি আরি খারাপ হতে থাকলে, অর্জুন সিংয়ের নিরাপত্তারক্ষীরা বন্দুক বের করে হুঁশিয়ারি দেয় বলে জানা গিয়েছে। সামাল দিতে সিআইএসএফ শূন্যে কয়েক রাউন্ড গুলি চালায় বলে জানা গিয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়। এমনকি, পুলিশ কাঁদানে গ্যাসের শেল ছোঁড়ে বলে খবর।
ভিডিও সৌজন্যেঃ জি ২৪ ঘণ্টা
ভাটপাড়ার পুর প্রশাসক গোপাল রাউতও নেতাজির প্রতিকৃতিতে মালা দিতে আসেন। জানা গিয়েছে, এই মালা দেওয়া নিয়েই তৃণমূল-বিজেপি রেষারেষি। সেই রেষারেষি ঘিরে বাঁধে সংঘর্ষ। এক তৃণমূল কর্মী অভিযোগ করেছেন, “আমাদের চেয়ারম্যান গোপাল রাউত আজ নেতাজির জন্মদিনে তাঁর প্রতিকৃতিতে মালা অর্পণ করবেন। কিন্তু অর্জুন সিং ও তাঁর ছেলে জোরজবরদস্তি করে এখানে এসে মালা দিচ্ছে”।
স্থানীয় বাসিন্দাদের কথায়, “যাঁরা সংগ্রামীদের নিয়ে রাজনীতি করছে তাঁদের থেকে দূরে থাকাই ভালে। সুভাষচন্দ্র বসু রাজনীতির জন্য আসেননি, দেশের জন্য এসেছে। এরা নিজেদের লাভের জন্য এসেছে”।
এই ঘটনায় কংগ্রেস নেতা অধীর চৌধুরী বলেন, “আজকের এই পবিত্র দিনে এইগুলো করার কি দরকার! এতে বাংলার ভাবমূর্তি নষ্ট হয়, এই ঘটনা বাঞ্ছনীয় নয়, সারা বাংলার মানুষই নেতাজিকে শ্রদ্ধা জানাতে পারেন”। তৃণমূলক তোপ দেগে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের মন্তব্য, “ফের প্রমাণিত বাংলার আইনশৃঙ্খলায় দুরাবস্থা”।
অন্যদিকে, তৃণমূলের পাল্টা দাবী, নিজের গড়ে অস্তিত্বের সংকট রয়েছে অর্জুন সিংয়ের। তিনিই অশান্তি করছেন। এর আগেও রাজনৈতিক সংঘর্ষের জেরে ভাটপাড়া বারবার উত্তপ্ত হয়েছে। তবে নেতাজির জন্মজয়ন্তীর দিন মাল্যদানকে ঘিরে এই অশান্তি রাজ্যের জন্য লজ্জাজনক।





