পঠনপাঠন বন্ধ, পড়ুয়াদের ছুটি! স্কুলেই সাউন্ড বক্স বাজিয়ে শহিদ দিবস পালন তৃণমূলের, চলল দেদার খাওয়াদাওয়াও

গতকাল ছিল ২১শে জুলাই। তৃণমূলের শহিদ দিবস। এই শহিদ দিবস যেন এখন একটা উৎসবে পরিণত হয়েছে। এই ২১শে জুলাইয়ের জন্য এমনিতেই কলকাতার একাধিক স্কুলে ছুটি দেয়া হয়েছিল যাতে পড়ুয়া বা শিক্ষকরা রাস্তায় বেরিয়ে যানজটের মুখে পড়ে দুর্ভোগের শিকার না হন। এদিকে, জেলায় দেখা গেল এক অন্য চিত্রই।

২১শে জুলাই উপলক্ষ্যে স্কুল বন্ধ। হবে না পঠনপাঠন, পড়ুয়াদেরও ছুটি দেওয়া হয়েছে। আর সেই স্কুলেই মহা ধূমধাম করে স্থানীয় তৃণমূল নেতারা পালন করলেন শহিদ দিবস। এই ঘটনার তীব্র নিন্দা করা হয়েছে অল বেঙ্গল প্রাইমারি টিচার্স অ্যাসোসিয়েশনের তরফে। ঘটনাটি ঘটেছে জলপাইগুড়ির রাজগঞ্জে।

গত দু’বছর করোনা অতিমারির কারণে পালন করা হয়নি শহিদ দিবস। সেই কারণে গতকাল শহিদ সমাবেশের জেরে ধর্মতলায় কার্যত মানুষের ঢল নামে। লাগামছাড়া ভিড় ছিল এদিন। এই একুশের মঞ্চ থেকেই মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপিকে হুঁশিয়ারি শানিয়ে বলেন যে চব্বিশে মানুষের বৃষ্টিতে বিজেপি ভেসে যাবে। এছাড়াও, এদিন তৃণমূলের তরফে জানানো হয় উপরাষ্ট্রপতি নির্বাচনে তৃণমূল অংশ নেবে না।

একুশে জুলাইয়ের সমাবেশের জন্য জলপাইগুড়ির রাজগঞ্জ থেকে অনেক তৃণমূল কর্মী-সমর্থকই এসেছিলেন কলকাতায়। যারা আসতে পারেন নি, তারা স্থানীয় সন্ন্যাসী কাটা পঞ্চায়েতের সন্তোষ পাড়া প্রাথমিক বিদ্যালয়ে পালন করলেন শহিদ দিবস। এই শহিদ দিবস পালনের জন্য স্কুলে বন্ধ থাকল পঠনপাঠন। ছুটি ঘোষণা করা হল পড়ুয়াদের। এদিন সাউন্ড বক্স বাজিয়ে মহাসমারোহে পালন হয় শহিদ দিবস। স্কুল চত্বরে বসেই স্থানীয় তৃণমূল কর্মীরা চালালেন দেদার খাওয়াদাওয়াও।

স্কুলে রাজনৈতিক অনুষ্ঠান নিয়ে বিক্ষোভ দেখান স্থানীয়রা। এই প্রসঙ্গে তৃণমূলের অঞ্চল সভাপতি মোরশেদ আলম বলেন, “রাজগঞ্জ থেকে অনেকেই কলকাতায় যেতে পারেননি। তাঁদের জন্যই সন্তোষ পাড়া প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে শহিদ দিবস পালন করা হয়েছে”।

তিনি আরও দাবী করেন, “প্রধান শিক্ষকের কাছে সকাল সাড়ে ৯টা পর্যন্ত অনুষ্ঠান করার অনুমতি নেওয়া ছিল। কিন্তু তৃণমূল কর্মীদের খিচুড়ি খাওয়াতে গিয়ে দেরি হয়ে গিয়েছে”।

এই ঘটনার তীব্র নিন্দা করেন বিজেপি জলপাইগুড়ি জেলা সম্পাদক শ্যাম প্রসাদ। তিনি বলেন, “তৃণমূল আমলের সবই সম্ভব। এটা শহিদ দিবস নয়, উল্লাস দিবস পালন করছে তৃণমূল”। অল বেঙ্গল প্রাইমারি টিচার্স অ্যাসোসিয়েশনের জলপাইগুড়ি শাখার তরফেও এই ঘটনার তীব্র নিন্দা করা হয়েছে।

আরও অন্যান্য খবর