বিজেপি কর্মীর নবনির্মিত দোকানে ভাঙচুর তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের, পুলিশের উপস্থিতিতেই বিজেপি নেতা জয় সাহাকে মারধর, গাড়িতে ভাঙচুর

রাজ্যে বিরোধী বনাম শাসকদলের সংঘর্ষ লেগেই রয়েছে। এবার এক বিজেপি কর্মীর দোকান ভাঙচুর করার অভিযোগ উঠল তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। এমনকি, এই ঘটনায় বিজেপি নেতা জয় সাহা ও তাঁর সঙ্গীদেরও মারধরের অভিযোগ উঠেছে। এই ঘটনায় পুলিশ নীরব দর্শকের ভূমিকা পালন করেছে বলেও অভিযোগ।

পানিহাটির বি বি বাগান অঞ্চলে বিজেপি কর্মী মহাদেব বসাকের নতুন দোকানে ভাঙচুর চালায় তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা। এই ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছন বিজেপির কলকাতা উত্তর শহরতলি জেলার যুব সম্পাদক জয় সাহা। ঘটনাস্থলে পৌঁছয় খড়দহ থানার পুলিশও। পুলিশি তদন্ত চলাকালীনই সেখানে জড়ো হয় কিছু তৃণমূল কর্মী।

এরপরই জয় সাহার সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন তারা। তা গিয়ে পৌঁছয় ধ্বস্তাধস্তিতে। পরিস্থিতি ক্রমেই উত্তপ্ত হয়ে ওঠে। জয় সাহা ও তাঁর সঙ্গীদের মারধরও করা হয় বলে অভিযোগ। তাঁর গাড়িতেও ভাঙচুর চালানো হয়েছে। এই ঘটনায় গোটা এলাকায় বেশ চাঞ্চল্যের সৃষ্টি হয়।

বিজেপি নেতা জয় সাহার দাবী, এই গোটা ঘটনাটি ঘটেছে পুলিশ প্রশাসনের উপস্থিতিতেই। কিন্তু পুলিশ কোনও ব্যবস্থা নেয়নি তৃণমূল গুন্ডাবাহিনীর বিরুদ্ধে। বিজেপি নেতার দাবী, এভাবেই গণতন্ত্রের কণ্ঠরোধ করার চেষ্টা করছে রাজ্যের শাসক দল। এটা বেশিদিন চলতে পারে না।

এই ঘটনায় বিজেপির পক্ষ থেকে খড়দহ থানায় লিখিত অভিযোগ জানানো হয়েছে। খড়দহ থানার পুলিশ এই ঘটনার তদন্ত শুরু করেছে বলে জানা গিয়েছে। বিজেপির রাজ্য নেতৃত্বের তরফে এই ঘটনার তীব্র নিন্দা জানানো হয়।

আরও অন্যান্য খবর