নারীদের জন্য পৃথক শৌচালয়, উন্নত নিকাশি ব্যবস্থা, পুরভোটের ইস্তেহারে একাধিক উন্নয়নমূলক প্রকল্পের ঘোষণা তৃণমূলের

আগামী ১৯শে ডিসেম্বর কলকাতায় পুরভোট। আজ পুরভোটের জন্য ইস্তেহার প্রকাশ করল তৃণমূল। এই ইস্তেহারে নারীদের জন্য পৃথক শৌচাগারের থেকে শুরু করে ডায়গনস্টিক সেন্টার, অতিরিক্ত পাম্প, ডেঙ্গু নির্ধারণ কেন্দ্র ও আরও নানান প্রকল্পের ঘোষণা করা হয়েছে ঘাসফুল শিবিরের তরফে। এদিন এই ইস্তেহার প্রকাশ করেন তৃণমূলের রাজ্য সভাপতি সুব্রত বক্সী।

তৃণমূলের এই ইস্তেহারে নিকাশি ব্যবস্থার উপর বেশি জোর দেওয়া হয়েছে। এদিন সুব্রত বক্সী দাবী করেন যে কলকাতায় ২০০ টি অতিরিক্ত পাম্প বসানো হবে। এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সুদীপ বন্দ্যোপাধ্যায়, তাপস রায়, অরূপ বিশ্বাস, মালা রায়ের মতো নানান প্রভাবশালী নেতা-নেত্রীরা। তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়ও ছিলেন এদিনের এই ইস্তেহার প্রকাশ অনুষ্ঠানে।

এদিনের এই ইস্তেহারের মাধ্যমে নিষ্পত্তি সেল তৈরির কথা বলেন তৃণমূলের রাজ্য সভাপতি। এর পাশাপাশি কলকাতায় ৪টি নতুন নাইট শেল্টার চালুর প্রতিশ্রুতি দেওয়া হয়।

অন্যদিকে, নিকাশির পাশাপাশি পানীয় জলের ক্ষেত্রেও জোর দেওয়ার কথা দিয়েছে তৃণমূল। এছাড়াও, ঘাসফুল শিবিরের ইস্তেহারে স্বাস্থ্য পরিষেবা কেন্দ্রগুলির পরিকাঠামো উন্নয়নের কথা বলা হয়েছে।

RELATED Articles