প্রধানমন্ত্রী আবাস যোজনায় পাকা বাড়ি পাইয়ে দেওয়ার নাম করে এক মহিলাকে কুপ্রস্তাব দেওয়ার অভিযোগ উঠলো এক তৃণমূল নেতার বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে মেদিনীপুরের গুড়গুড়িপালের নয়াগ্রামে। অভিযুক্ত তৃণমূল নেতা আপাতত পলাতক রয়েছেন৷
Check out best Bengal Football website
অভিযুক্ত তৃণমূল নেতার নাম কিশোর দন্ডপাট বলে জানা গিয়েছে। তিনি ওই এলাকার প্রাক্তন তৃণমূল প্রধান রুনু দন্ডপাটের স্বামী। আক্রান্ত মহিলার অভিযোগ যে গত সোমবার রাতে প্রধানমন্ত্রী আবাস যোজনায় পাকা বাড়ি করে দেওয়ার আলোচনার জন্য তাদের বাড়ি যান সেই তৃণমূল নেতা৷ সেসময় বাড়িতে আর কেউ না থাকায়, সেই মহিলাকে কিশোর দন্ডপাট কুপ্রস্তাব দেন বলে অভিযোগ। তাতে সেই মহিলাটি রাজি না হওয়ায় অভিযুক্ত তৃণমূল নেতা তাঁর শ্লীলতাহানি করেন বলে জানিয়েছেন সেই মহিলা।
এরপরই গুড়গুড়িপালের পুলিশের নিকট মঙ্গলবার সেই অভিযুক্ত তৃণমূল নেতার নামে অভিযোগ জানান নির্যাতিতা মহিলা। ঘটনার পর থেকেই পলাতক কিশোর দন্ডপাট নামে অভিযুক্ত তৃণমূল নেতা। যদিও স্বামীর এহেন কার্য মানতে নারাজ কিশোর দন্ডপাটের স্ত্রী রুনু দন্ডপাট। তবে জেলা তৃণমূল সভাপতি অজিত মাইতি এই ঘটনার সত্যতা যাচাই করে অভিযুক্তের বিরুদ্ধে ব্যবস্থা নেবেন বলে জানিয়েছেন৷ অপরদিকে গেরুয়া শিবিরের তরফে অভিযুক্ত নেতাকে যতো দ্রুত সম্ভব গ্রেফতারের আবেদন জানানো হয়েছে৷






