আদালতে হাজিরা দেওয়ার আগের মুহূর্তেই অসুস্থ হয়ে পড়লেন তৃণমূল রাজ্য সম্পাদক ছত্রধর মাহাতো। গতকাল, বৃহস্পতিবার রাতে তিনি অসুস্থ বোধ করায় তাঁকে ঝাড়গ্রাম সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয়।
আদালতে অন্তর্বর্তী জামিনের জন্য কয়েক দিন বাড়িতেই ছিলেন ছত্রধর। আজ, শুক্রবার কলকাতার এনআইএ আদালতে হাজিরা দেওয়ার কথা ছিল তাঁর। কিন্তু এর আগেই তিনি অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হওয়ার জেরে আদালতে আর হাজিরা দেওয়া হল না তৃণমূল নেতার।
বলে রাখি , ছত্রধরের দুই ছেলের বিয়ের অনুষ্ঠান থাকায়, সেই অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য অন্তর্বর্তী জামিনে বাড়ি এসেছিলেন তিনি। গত বুধবার ঝাড়গ্রাম জেলার লালগড়ের আমলিয়া গ্রামে প্রীতিভোজের অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। সেই অনুষ্ঠানে তিনিও উপস্থিত ছিলেন।
কিন্তু এরপর গতকাল, বৃহস্পতিবার বিকেলে অসুস্থ বোধ করতে থাকেন ছত্রধর। ঝাড়গ্রাম সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয় তাঁকে। ২রা জুলাই থেকে ৮ই জুলাই পর্যন্ত ছত্রধরকে শর্তাধীন অন্তর্বর্তী জামিন দিয়েছিল এনআইএ আদালত।
সূত্রের খবর, ছত্রধরের হৃদযন্ত্রের সমস্যা রয়েছে। শ্বাসকষ্টও রয়েছে বলে জানা গিয়েছে। শ্বাসকষ্ট বেড়ে যাওয়ার কারণে হাসপাতালে ভর্তি করা হয় ছত্রধর মাহাতোকে। তাঁর আইনজীবী জানিয়েছেন, আজ ছত্রধরের আদালতে হাজিরা দেওয়ার কথা ছিল। কিন্তু তিনি যে হাসপাতালে ভর্তি রয়েছেন, সেই বিষয়টি আদালতে জানানো হবে। এরপর আদালত যা নির্দেশ দেবে, সেই অনুযায়ীই কাজ করবেন তার মক্কেল।
তাঁর এমন অসুস্থ হয়ে পড়ার ঘটনায় ছত্রধরের স্ত্রী নিয়তি মাহাতো বলেন, “চিকিৎসকরা যা বলার বলেছেন। তবে রিস্ক বন্ডে নিয়ে যাওয়া হচ্ছে। জেল থেকে বাড়িতে ফিরেই কিছুটা অসুস্থ দেখাচ্ছিল ৷ তারপর বাড়িতে বিয়ের কাজকর্মে আরও খানিকটা অসুস্থ হয়ে যান ৷ সকালে লালগড় স্বাস্থ্যকেন্দ্রে দেখানোর পরে কিছুটা স্বস্তি হলেও, বিকেলের পরে ফের বুকে ব্যথা ওঠে। অসুস্থ হয়ে পড়েন ৷ তারপরই ঝাড়গ্রাম সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয়”। কলকাতায় এনআইএ-এর আদালতে হাজিরা দেওয়ার পর অনুমতি পেলে এসএসকেএম বা অন্য হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাবেন বলে জানিয়েছেন ছত্রধরের স্ত্রী।





