বছর গড়ালেই লোকসভা নির্বাচন। ফলে ভোটের জেরে রাজনৈতিক উত্তাপ ক্রমেই বাড়ছে। একে অপরকে শানাতে, আক্রমণ করতে কসুর করছে না কোনও রাজনৈতিক দলই। আর এই শানাতে গিয়ে কু’কথা বলে বিতর্কে জড়াচ্ছেন নানান নেতারা। এবার বিজেপিকে ঝাঁটা মারার নিদান দিলেন তৃণমূল মুখপাত্র জয়প্রকাশ মজুমদার।
কী বলেছেন তৃণমূল মুখপাত্র?
গতকাল, মঙ্গলবার চন্দ্রকোনা বিধানসভার উদ্যোগে চন্দ্রঘোনা শ্রীনগর এলাকায় কেন্দ্রীয় বঞ্চনার প্রতিবাদে একটি সভার আয়োজন করেছিল তৃণমূল। সেই সভা থেকেই বিজেপির বিরুদ্ধে সুড় চড়ান জয়প্রকাশ মজুমদার। ঝাঁটা মারার নিদান দেন তিনি। বলেন, “ভোট চাইতে এলেই ঝাঁটা মেরে তাড়াবেন বিজেপি-কে। এ রাজ্য থেকে ওদের তাড়াতে আমাদের দরকার হবে না। মায়েরাই যথেষ্ঠ ঝাঁটা মেরে ওদের তাড়াতে”।
কী প্রতিক্রিয়া বিজেপির?
তৃণমূল নেতার এহেন মন্তব্যকে বিশেষ গুরুত্ব দিতে নারাজ গেরুয়া শিবির। এই প্রসঙ্গে চন্দ্রকোনা বিধানসভার বিজেপি নেতা সুদীপ কুশারি বলেন, “মানুষ ওদেরই ঝাঁটা মেরে বের করে দেবে”।
প্রসঙ্গত, কেন্দ্রের বঞ্চনার বিরুদ্ধে বারবার সরব হয়েছে ঘাসফুল শিবির। এই নিয়ে দিল্লিতে গিয়ে আন্দোলনও করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়-সহ তৃণমূল নেতারা। আগামী ১৭ ডিসেম্বর মুখ্যমন্ত্রী দিল্লি যাচ্ছেন। সেখানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা করে রাজ্যের বকেয়া টাকার দাবী জানাবেন তিনি। লোকসভা ভোটের আগে এই কেন্দ্রীয় বঞ্চনার ঘটনাকে হাতিয়ার করে ভোটের জমি শক্ত করতে চাইছে তৃণমূল।





