বিয়ের মরশুম চলছে এখন। এই মুহূর্তে সোশ্যাল মিডিয়া খুললেই খালি দেখা যাচ্ছে আইবুড়োভাত খাওয়ার পর্ব, বিয়ের নানান অনুষ্ঠানের ছবি, সিঁদুরদান পর্বের ছবি এসব। এরই মাঝে একটি ভিডিও বেশ ভাইরাল হল। ট্রেনে বসেই আইবুড়োভাত খেলেন এক যুবক।
কী ঘটেছে ঘটনাটি?
সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও বেশ ভাইরাল হয়েছে। তাতে দেখা যাচ্ছে, ট্রেনের গেটের সামনে এক যুবক মেঝেতে বসে রয়েছেন। আর তাঁকে ঘিরে রয়েছেন নানান বয়সের মানুষজন। তাদের হাতে আবার টিফিন বক্স। আর তাতে রয়েছে নানান খাবার।
রয়েছে ভাত, ডাল, মাছ, মাংস, লুচি, পাঁচ ধরণের ভাজা, মিষ্টি, দই, আরও কত কী। সেই খাবার যুবকের সামনে সাজিয়ে রাখা হয়েছে। আশীর্বাদও করছেন ওই যুবককে অনেকেই। যেভাবে আইবুড়োভাত খাওয়ানো হয়, ঠিক সেভাবেই ওই যুবককে আশীর্বাদ করে হাতে টাকা দিয়ে তাঁকে আইবুড়োভাত খাওয়ালেন ট্রেনের সহযাত্রীরা।
কেন এমন ব্যবস্থা?
জানা গিয়েছে, এই ভাইরাল হওয়া ভিডিওটি রানাঘাট লোকালের। যার বিয়ে তাঁর নাম আকাশ হালদার। বিয়ের আগে আকাশকে আইবুড়োভাত খাওয়াতে চেয়েছিলেন ট্রেনের সহযাত্রীরা। প্ল্যানমাফিক সমস্ত আয়োজন হয়। এই গোটা ঘটনার ভিডিও করেছিলেন কেউ বা কারা, বর্তমানে যা ভাইরাল। এ বিষয়ে এক যাত্রী জানিয়েছেন, এটাই প্রথমবার নয়। এর আগেও সহযাত্রীদের হইহই করে আইবুড়োভাত খাইয়েছেন তাঁরা।






