শুভেন্দু অধিকারী (suvendu Adhikari) যে কি বোঝাতে চান বা কি করতে চান তা বোঝা বড় দায়। নিত্যদিনই বিভিন্ন সভায় প্রকট হচ্ছে শুভেন্দু অধিকারী ও তৃণমূল (TMC) নেতৃত্বের মধ্যেকার দূরত্ব।
‘আপনারে বড় বলে, বড় সেই নয় / লোকে যারে বড় বলে, বড় সেই হয়’— গতকাল অর্থাৎ শনিবার পূর্ব মেদিনীপুরের রামনগরে হরিশচন্দ্র মিত্রের লেখা কবিতার এই দুটি পংক্তিও শোনা যায় শুভেন্দু অধিকারীর মুখে। যা শোনার পর থেকেই তীব্র গুঞ্জন শুরু হয়েছে বঙ্গ রাজনৈতিক মহলে।
শনিবার রামনগরের তৃণমূল বিধায়ক অখিল গিরির এলাকায় বন্ধুমহল ক্লাবের কালীপুজোর উদ্বোধনে যান এই বিদ্রোহী তৃণমূল নেতা। অনুষ্ঠানে অনুপস্থিত বিধায়কের নাম না করে শুভেন্দুর কাটা কাটা কথায় আক্রমণ করে বলেন— ‘কেউ কেউ আবার আসতে পারেন না, তাঁদের অনেক সমস্যা। তাঁরাও আমার খুব পরিচিত। তাঁদেরও উপকারে অনেক সময় লেগেছি।’
তবে এদিনের অনুষ্ঠানে বেশ ফুরফুরে মেজাজেই ছিলেন শুভেন্দু। ঢাক বাজানোর পর মঞ্চে উঠে বার্তা দিলেন সকলের পাশে আছেন তিনি। নিজের বক্তব্যে বললেন, ‘ভাল সময়ে কম আসি। খারাপ সময়ে শুভেন্দু কিন্তু পাশে থাকবে।’ অনুষ্ঠানে উপস্থিত জনগণের মধ্যে থেকেই এদিন রামনগর নিয়ে কিছু বলতে অনুরোধ করা হয় শুভেন্দুকে। তখন তিনি বলেন, ‘আমায় বলছে রামনগর নিয়ে কিছু বলুন। যা বলতে হয় তা করতে নেই। যা করতে হয় তা বলতে নেই। আমার মাথায় আছে আমায় কী করতে হবে। যথা সময়ে সেটা রামনগরের জন্য আমি করব।’
একই সঙ্গে তিনি জানান, ‘১৯শে নভেম্বর, বৃহস্পতিবার রামনগর আরএস ময়দানে আমার একটি মেগা শো আছে। জেলার বিভিন্ন সমবায় ব্যাঙ্কের প্রতিনিধি, আমানতকারীরা আসবেন সেখানে। সমবায় সপ্তাহ নিয়ে অনুষ্ঠান।’ এদিন সকলকে ওই অনুষ্ঠানে উপস্থিত থাকার আমন্ত্রণ জানিয়ে শুভন্দু বলেন, ‘ওখানে অনেক কথা বলব। অনেক সময় থাকবে হাতে। অনেক কথা বলার সুযোগ পাব।’





