সংখ্যালঘু সেলের রাজ্য কমিটির সাধারণ সম্পাদক মশিউর রহমানের বিরুদ্ধে আর্থিক তছরুপের অভিযোগ উঠল। এই অভিযোগের জেরে তার দলেরই কর্মী সমর্থকদের একাংশ তৃণমূল নেতাকে ক্লাব ঘরের মধ্যে আটকে রেখে বেধরক মারধর করল। ঘটনাটি ঘটেছে মালদার তুলসীহাটা এলাকায়। এই ঘটনায় গোটা এলাকায় বেশ চাঞ্চল্য ছড়িয়েছে।
তৃণমূল নেতা মশিউর রহমান মালদা জেলার হরিশ্চন্দ্রপুর থানা এলাকার বরুই গ্রাম পঞ্চায়েতের মিঠাপুর গ্রামের বাসিন্দা। তার বিরুদ্ধে অভিযোগ, নিজের রাজনৈতিক পরিচিতি কাজে লাগিয়ে মশিউর রহমান এলাকার নানান মানুষের কাছ থেকে টাকা তুলেছেন। কোনও ছাত্র-ছাত্রীকে চাকরির প্রতিশ্রুতি দিয়েছেন, তো কাউকে আবার লোন করিয়ে দেওয়ার আশ্বাস দিয়েছেন।
এই ঘটনাকে কেন্দ্র করে শাসক দলকে একহাত নিয়েছে বিরোধীরা। এই বিষয়ে বিজেপির জেলা সাংগঠনিক সম্পাদক রূপেশ আগরওয়াল জানিয়েছেন, “মশিউর রহমান তৃণমূলের সাথে খুবই ঘনিষ্ঠভাবে যুক্ত। পাশাপাশি তিনি তৃণমূলের সংখ্যালঘু সেলের সম্পাদকও বটে। এর আগেও বহু সাধারণ মানুষের তার বিরুদ্ধে অনেক অভিযোগ ছিল। কিন্তু এবার তার দলের লোকেরাই প্রতারিত হয়েছেন। যারা টাকা দিয়েছেন তারাও তৃণমূলের সাথে যুক্ত, অন্যদিকে যিনি টাকা নিয়েছেন তিনিও তৃণমূল”।
সূত্রের খবর, মশিউর রহমান চাকরি বা লোন পাইয়ে দেওয়ার নাম করে যাদের কাছ থেকে টাকা নিয়েছিলেন, তাদের মধ্যে কেউ কেউ তৃণমূল কর্মী। সকলের অভিযোগ, তারা মশিউরকে টাকা দেওয়ার পরেও তাদের কোনও কাজ হয়নি। বারবার ফোন করলেও তাকে ফোনে পাওয়া যায়নি বলে অভিযোগ।
অন্যদিকে, এই বিষয়ে হরিশচন্দ্রপুর ১ বি তৃণমূল ব্লক সভাপতি মানিক দাসের বক্তব্য, “এই বিষয়টি নিয়ে আমরা জানার চেষ্টা করবো।কেউ খারাপ কাজ করলে দল তার পাশে থাকবে না”।
চাকরি ও লোন করিয়ে দেওয়ার নাম করে মোটা টাকা আত্মসাৎ, তৃণমূল কর্মীকে বেঁধে বেধড়ক মারধর দলেরই কর্মীদের
RELATED Articles





