মেয়ে UPSC -র প্রস্তুতি নিচ্ছে, অটো চালানোর ফাঁকেই মেয়ের পড়াশোনায় সাহায্য করতে ইউটিউবে পড়াশোনা করছেন চালক বাবা নিজেও

দেশের অন্যতম কঠিন পরীক্ষা UPSC-র জন্য প্রস্তুতি নিচ্ছে মেয়ে। মেয়ে যাতে সেই পরীক্ষা সফল হতে পারে তার জন্য অটো চালানোর ফাঁকে মেয়েকে অভিনব কবে সাহায্য করছেন বাবা। এমনই একটি ছবি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়াতে। অবাক করা এই বিষয়টি তুলে ধরেছেন অভিজিৎ মুথা নামের এক যুবক।
জানা গিয়েছে, সম্প্রতি অভিজিৎ নামের ওই যুবক নিজের গন্তব্যে পৌঁছানোর জন্য একটি উবের অটো বুক করেছিলেন। তাকে গন্তব্যে পৌঁছে দিতে আসেন রাকেশ নামের এক অটো চালক। অটোতে উঠে অভিজিৎ লক্ষ্য করেন যে অটো চালাতে চালাতেই ইউটিউবে ভিডিও দেখছেন রাকেশ। আবার ফাঁকে ফাঁকে চোখ বুলিয়ে নিচ্ছেন রুট ম্যাপেও। এমন দৃশ্য দেখে স্বাভাবিকভাবেই বেশ অবাক হন অভিজিৎ।
কৌতূহলবশত অভিজিৎ রাকেশকে জিজ্ঞেস করে ফেলেন যে, তিনি ইউটিউবে কোন ভিডিওটি দেখছেন? এমতাবস্থায়, রাকেশের জবাবে রীতিমতো স্তম্ভিত হয়ে যান তিনি। মূলত, রাকেশ অভিজিতকে জানান, “এই ইউটিউব চ্যানেলে সাম্প্রতিক ঘটনাসমূহের পাশাপাশি অর্থনীতির একাধিক বিষয় নিয়ে বিস্তারিত তথ্য আলোচনা করা হয় “।
এরপর অভিজিৎ রাকেশকে ফের জিজ্ঞেস করেন, তিনি কোনো পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন কি না? উত্তরে রাকেশ জানান, ‘‘আমার মেয়ে UPSC পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছে। আমি তাকে মাঝে মাঝে তার পড়াশোনায় সাহায্য করে দিই। মেয়ে যখন বিকেলে লাইব্রেরি থেকে ফিরে আসে তখন আমরা দু’জনে মিলে নানা বিষয় নিয়ে আলোচনা করি”।
রাকেশের মুখে এই কথা জানতে পেরে মুগ্ধ হন অভিজিৎ। এই ঘটনাটি তিনি সোশ্যাল মাধ্যমে তুলে ধরেন। অভিজিতের এই পোস্ট সামাজিক মাধ্যমে তুমুল সাড়া ফেলেছে। এই ঘটনায় নেটিজেনরা নিজেদের মতামত জানিয়েছেন। অভিজিৎ এও উল্লেখ করে দেন যে রাকেশ যতই ইউটিউব ভিডিও দেখুন না কেন, রাস্তার প্রতিও সজাগ দৃষ্টি বজায় রাখেন তিনি। অটো যখন সিগনালে দাঁড়ায়, সেই সময় ভিডিও দেখে নেন রাকেশ।

আরও অন্যান্য খবর