তৃণমূল সাংসদের রোষের মুখে পড়লেন আরামবাগের বিডিও। এই নিয়ে জোর শোরগোল পড়েছে গোটা জেলা জুড়ে। গতকাল রাখিবন্ধন উপলক্ষ্যে একটি সরকারি অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেই অনুষ্ঠানে তৃণমূল সাংসদকে আমন্ত্রণই করা হয়নি বলে অভিযোগ।
এই ঘটনায় তাই আরামবাগের বিডিও-র উপর ক্ষোভ উগড়ে দিলেন আরামবাগের তৃণমূল সাংসদ অপরূপা পোদ্দার। তবে এই বিষয়ে বিডিও-র দাবী, “কোনও সমস্যার কারণে আমন্ত্রণপত্র পৌঁছয়নি সাংসদের কাছে”।
গতকাল, রবিবার ছিল রাখিবন্ধন। এই দিনটি উদযাপন করতে জেলায় জেলায় অনুষ্ঠানের আয়োজন করা হয় রাজ্য ও তৃণমূলের পক্ষ থেকে। রাজ্য যুব কল্যাণ ও ক্রীড়া দফতরের তরফে গোঘাট ১ নম্বর ব্লকে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেখানে তৃণমূলের নানান নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। তবে অনুষ্ঠানের প্রথমের দিকে দেখা মেলেনি তৃণমূল সাংসদের।
অনুষ্ঠান চলাকালীন সেখানে যোগ দেন দেন সাংসদ অপরূপা পোদ্দার। বেশ কিছুক্ষণ সেখানে ছিলেন তিনি। অনুষ্ঠানে যোগ দিয়ে কর্মীদের হাতে রাখি পরিয়ে দেন সাংসদ। এরপরই কার্যত বিডিও-র উপর ক্ষোভ প্রকাশ করেন অপরূপা পোদ্দার। তাঁর অভিযোগ, বিডিও সুরশ্রী পাল তাঁকে কোনও অনুষ্ঠানেই নাকি আমন্ত্রণ জানান না। আর এই অভিযোগের জেরেই গোটা জেলায় রীতিমতো শোরগোল পড়ে যায়।
তবে এই প্রসঙ্গে বিডিও-র দাবী, যে কোনও সরকারি অনুষ্ঠানে জনপ্রতিনিধি আসতেই পারেন। তাঁর কথায়, অপরূপা দেবীকে আমন্ত্রণপত্র পাঠানো হয়েছে। কিন্তু কোনও সমস্যার কারণে হয়ত তা পৌঁছয় নি।
আরও পড়ুন- মুখে নেই মাস্ক, তারস্বরে লাউড স্পিকার বাজিয়ে নাচগান করে মেডিক্যাল কলেজে পালিত হল রাখিবন্ধন উৎসব
প্রসঙ্গত, এদিন রাখিবন্ধনের ট্যাবলো মুড়ে ফেলা হয়েছিল আফগানিস্তানের ভয়াবহ পরিস্থিতির ছবিতে। এদিন ধামসা-মাদল নিয়ে পদযাত্রাও হয়। এমনকি, দক্ষিণ দমদম পুরসভা এলাকায় আফগানি ভাই-বোনদের হাতে রাখিও বাঁধা হয় এদিন।





