প্রত্যেক বছরই খুব নিষ্ঠাভরে ঠাকুরের কাছে প্রার্থনা করতে দেখা যায় শ্রীরামপুরের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে। এবারও তেমনটাই করলেন তিনি। রাজনীতি ভুলে নবমীর সন্ধ্যায় তিনি মেতে উঠেছিলেন ধুনুচি নাচের তালে। নাচ শেষে মা দুর্গাকে সষ্টাঙ্গে প্রণাম করেন তিনি। জানান তিনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য প্রার্থনা করেছেন। বলেন, “মা যেন দিদিকে ভালো রাখে। দিদিই বাংলার শক্তি”।
শ্রীরামপুরে আর এম এস মাঠের পাঁচ ও ছয়ের পল্লীর পুজোর সভাপতি খোদ তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। গতকাল, সোমবার নবমীর পুজো চলাকালীন ঢাকের তালে বেশ কিছুক্ষণ ধুনুচি নাচ করেন তিনি। এরপর একটু বিশ্রাম নিয়ে দেবী দুর্গার পায়ের সামনে শুয়ে পড়ে প্রণাম করেন তিনি। প্রার্থনা করেন, মা যেন মমতা বন্দ্যোপাধ্যায়কে তাড়াতাড়ি সুস্থ করে দেন। তিনিই শক্তির মূল কেন্দ্র।
এদিন সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে কল্যাণ বলেন, “প্রার্থনা করলাম ২০২৪-এ যেন দানব নিধন হয়। ভারতবাসীর মনে সেই সচেতনতার ভাব নিয়ে এস। ভারতের মানুষের হাত দিয়েই নিধন হবে। সবাই শান্তিতে থাকবে”।
তাঁর কথায়, “বাংলার উৎসবে কোনও ভেদাভেদ নেই। যাঁরা ভেদাভেদ করতে চান তাঁদের বাংলা জায়গা হবে না। সবাই জানে বাংলা ধর্মনিরপেক্ষ। এখানে সাম্প্রদায়িকতার কোনও জায়গা নেই। অশুভ শক্তি যেন চিহ্নিত করে বিনাশ করেন মা। বাংলা যেন আরও সমৃদ্ধ হয়”।





