ঘুষের বিনিময়ে স্ত্রীকে চাকরি, দলীয় কর্মীদের বিক্ষোভ পঞ্চায়েতে, কাঠগড়ায় তৃণমূল পঞ্চায়েত প্রধান

রাজ্যে এই মুহূর্তে নানান ধরণের দুর্নীতির বিষয় উঠে আসছে। নানান দুর্নীতিতে নাম জড়িয়েছে শাসক দলেরই একাধিক নেতার। কোথাও টাকা নিয়ে চাকরি পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি তো কোথাও আবার টাকা নিয়ে গা ঢাকা দেওয়া। এমন নানান ঘটনা সাম্প্রতিককালে প্রায়ই শোনা যাচ্ছে। এবারও ফের একবার তৃণমূল নেতার নামেই উঠে এল এক গুরুতর অভিযোগ।

ঘুষের বিনিময়ে স্ত্রীকে চাকরি পাইয়ে দেওয়ার অভিযোগ উঠল তৃণমূল পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে। এর জেরে পঞ্চায়েত অফিসের সামনে বিক্ষোভ দেখান দলেরই কর্মীরা। ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার সবং ব্লকের ৩ নম্বর দাঁদরা অঞ্চলে।

তৃণমূল কর্মীরা অভিযোগ জানান যে ৩ নম্বর দাঁদরা অঞ্চলের প্রধান শঙ্কর লায়া টাকার দিয়ে নিজের স্ত্রীকে গ্রাম পঞ্চায়েত অফিসে ট্যাক্স কাটার চাকরি পাইয়ে দিয়েছেন। আর এই খবর ছড়িয়ে পড়তেই গোটা এলাকায় শোরগোল শুরু হয়ে যায়।

স্থানীয় তৃণমূল কর্মীরা এই ঘটনার কথা জানার পরই অঞ্চল অফিসের সামনে গিয়ে বিক্ষোভ দেখাতে শুরু করেন। অঞ্চল অফিসে তালা লাগিয়ে দেন তারা। ঘটনার তীব্রতা এতটাই বেড়ে যায় যে শেষ পর্যন্ত পুলিশ পৌঁছয় ঘটনাস্থলে। এরপর পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে আসে।

তবে নিজের দিকে ওঠা সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন পঞ্চায়েত প্রধান শঙ্কর লায়া। তাঁর কথায়, “যারা বিক্ষোভ করছে তাঁরা দলের কর্মী কী না আমি সেটা বলতে পারছি না। কিছুজন বিক্ষোভ দেখিয়েছে বলে আমি শুনেছি। যারা এসব অভিযোগ করছেন, তা সম্পূর্ণ মিথ্যা। বাকিটা আইনি প্রক্রিয়ার মাধ্যমে প্রশাসন দেখবে”।

RELATED Articles