রাজ্যের রাজনৈতিক আঙিনায় এখন একটাই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে— কবে ঘোষণা হবে ভোটের দিনক্ষণ? নির্বাচন কমিশনের ঘোষণার আগেই রাজ্যের প্রধান রাজনৈতিক দলগুলির অন্দরে শুরু হয়ে গিয়েছে সম্ভাব্য প্রার্থী বাছাইয়ের ব্যস্ততা। শাসকদল তৃণমূল কংগ্রেসের ক্ষেত্রেও সেই প্রস্তুতি তুঙ্গে। তবে এবার শুধু পুরনো মুখ নয়, তরুণ নেতৃত্ব এবং তারকাখচিত কয়েকটি নাম ঘিরে বিশেষ চর্চা শুরু হয়েছে রাজনৈতিক মহলে।
দলের অন্দরের সূত্রে খবর, সম্ভাব্য প্রার্থী তালিকা নিয়ে ইতিমধ্যেই বেশ কিছু নাম ঘুরছে রাজনৈতিক মহলে। বিশেষ করে তরুণ নেতৃত্বকে সামনে আনার ইঙ্গিত মিলছে। তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি তৃণাঙ্কুর ভট্টাচার্যের নাম এই তালিকার প্রথম সারিতেই রয়েছে বলে আলোচনা চলছে। একই সঙ্গে আলোচনায় রয়েছে জয়া দত্তের নামও। শোনা যাচ্ছে, প্রাক্তন সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ও বিধানসভা নির্বাচনে প্রার্থী হতে পারেন। আরেক সাংসদ সামিরুল ইসলামকেও সম্ভাব্য প্রার্থী হিসেবে ভাবা হচ্ছে বলে দলীয় সূত্রের দাবি।
তবে শুধু তরুণ নেতৃত্বই নয়, দলের পরিচিত মুখপাত্রদের মধ্যেও কয়েকজনের নাম সম্ভাব্য প্রার্থী হিসেবে উঠে আসছে। তালিকায় কুণাল ঘোষ, অরূপ চক্রবর্তী এবং তন্ময় ঘোষের নাম নিয়ে জোর জল্পনা শুরু হয়েছে। পাশাপাশি সদ্য সিপিএম ছেড়ে তৃণমূলে যোগ দেওয়া প্রতীকূর রহমানের নামও এই তালিকায় উঠে এসেছে বলে শোনা যাচ্ছে। কিছুদিন আগেই তিনি স্পষ্টভাবে বলেছিলেন, ‘পদের লোভে তৃণমূলে আসিনি’। কিন্তু রাজনৈতিক মহলে এখন গুঞ্জন, তাকেও দল প্রার্থী করতে পারে।
আরও পড়ুনঃ রাজ্যসভার প্রার্থী হতেই মাঠে টলি কুইন! দেবের হাত ধরে টেকনিশিয়ান স্টুডিওতে স্বাস্থ্যসাথী ক্যাম্পে হাজির কোয়েল মল্লিক! রাজনৈতিক ইনিংসের শুরুতেই অ্যাকশন মোডে, কী বার্তা অভিনেত্রীর?
এছাড়াও সম্ভাব্য তালিকায় নতুন কিছু মুখ নিয়েও জোর আলোচনা চলছে। এই তালিকায় উঠে এসেছে স্বপ্না বর্মনের নাম। পাশাপাশি তৃণমূলের সোশ্যাল মিডিয়া জগতে জনপ্রিয় মুখ দেবাংশু ভট্টাচার্যের নামও ঘুরছে। সন্দীপন সাহা, রামমোহন রায় এবং দেবরাজ চক্রবর্তীর নাম নিয়েও আলোচনা রয়েছে বলে জানা যাচ্ছে। তরুণ মুখের পাশাপাশি সংগঠনের সঙ্গে যুক্ত এই সব নাম নিয়ে রাজনৈতিক মহলে কৌতূহল বাড়ছে।
অন্যদিকে সম্ভাব্য প্রার্থী তালিকায় তারকাখচিত কিছু নামও থাকতে পারে বলে জল্পনা তুঙ্গে। গায়িকা ইমন চক্রবর্তীর নাম ঘিরেও আলোচনা শুরু হয়েছে। তৃণমূলের বিভিন্ন কর্মসূচিতে তাঁর উপস্থিতি ইতিমধ্যেই নজর কেড়েছে। পাশাপাশি অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায়ের নামও শোনা যাচ্ছে সম্ভাব্য প্রার্থী হিসেবে। যদিও এখনও পর্যন্ত দলীয়ভাবে কোনও তালিকা প্রকাশ করা হয়নি। রাজনৈতিক মহলের একাংশের মতে, ভোটের দিনক্ষণ ঘোষণার পরেই এই জল্পনার জবাব মিলতে পারে।





