ফেল করেছে বেশিরভাগ পড়ুয়াই। কিন্তু তাদের পাশ করাতেই হবে। এই দাবী নিয়ে কলেজে অধ্যক্ষকে ঘিরে বিক্ষোভ ছাত্রছাত্রীদের। আর সেই বিক্ষোভে নেতৃত্ব দিল তৃণমূল ছাত্র পরিষদ। এই ঘটনায় শোরগোল পড়েছে রাজ্যে।
কোথায় ঘটেছে এই ঘটনা?
ঘটনাটি ঘটেছে উত্তরবঙ্গে। জানা গিয়েছে, উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের অধীনে থাকা কলেজগুলির প্রথম সেমিস্টারের পরীক্ষায় পাশ করতে পারে নি ৯০ শতাংশ পড়ুয়াই। সেই তালিকায় রয়েছে জলপাইগুড়ির ধূপগুড়ি সুকান্ত মহাবিদ্যালয়ের পড়ুয়ারা।
সেই পড়ুয়ারা বিক্ষোভ দেখাচ্ছে যে তাদের পাশ করাতে হবে। কলেজের অধ্যক্ষের ঘরের সামনে অবস্থান বিক্ষোভ করে ফেল করা পড়ুয়ারা। আর সেই ফেল করা পড়ুয়াদের নেতৃত্ব দিল তৃণমূল ছাত্র পরিষদ। সকলের দাবী, প্রথম সেমিস্টারে তাদের সকলকে পাশ করাতেই হবে। এমনকি, বিনামূল্যে খাতা পুনর্মূল্যায়ন করার দাবীও তোলে তারা।
কী জানাচ্ছে তৃণমূল ছাত্র পরিষদ?
এই বিষয়ে তৃণমূল ছাত্র পরিষদের সদস্য অর্ধেন্দু চক্রবর্তী জানিয়েছেন, “আমরা বিক্ষোভ করছি কারণ এটা তো হতে পারে না উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত যত কলেজ আছে সব কলেজেরই ৯০ শতাংশ পড়ুয়া ফেল করেছে প্রথম সেমিস্টারে। নিশ্চয় খাতা ঠিক মতো চেক করা হয়নি। গাফিলতি তো রয়েছেই। নয়ত এমনটা হল কীভাবে”?
অন্য এক সদস্য কৌশিক রায় বলেন, “এর আগে পড়ুয়ারা আন্দোলন করেছিল তাঁদের পাশ করাতে হবে বলে। আর ওদের আন্দোলন একদম সঠিক। তৃণমূল ছাত্র পরিষদ ওদের আন্দোলনকে সমর্থন করছে”।





