মাত্র ৫ ভোটে জিতে টোটোচালক থেকে সোজা কাউন্সিলর, আসানসোলের ১০৩ নম্বর ওয়ার্ডে বিজেপি প্রার্থী তারকনাথের জয়জয়কার

আসানসোলের টোটোচালক হলেন কাউন্সিলর। আসানসোলে পুরসভা নির্বাচনের জন্য প্রার্থী হওয়ার পর থেকেই সকলের নজর কেড়েছিলেন তারকনাথ ধীবর। আর এবার বিজেপির হয়ে জিতেও গেলেন তিনি।

আসানসোলের ১০৩ নম্বর ওয়ার্ড থেকে জয়ী হয়েছেন বিজেপি প্রার্থী তারকনাথ ধীবর। তিনি পেশায় টোটোচালক। তাঁকে টিকিট দিয়ে বেশ চমক এনেছিল বিজেপি। আর এবার সেই তারকনাথই পাঁচ ভোটের ব্যবধানে জিতে সকলকে তাক লাগালেন।

বিধানসভা নির্বাচনের নিরিখে বিজেপি ৬৬টি ওয়ার্ডে এগিয়ে ছিল। কিন্তু পুরভোটে ভরাডুবি হয়েছে পদ্ম শিবিরের। বোর্ড গঠন করা তো দূর, মাত্র ৭টি ওয়ার্ড থেকে জয়ী হয়েছে বিজেপি। বিজেপির জয়ী প্রার্থীদের মধ্যে জিতেন্দ্র তিওয়ারির স্ত্রী চৈতালি তিওয়ারির পর সবথেকে বেশি নজর কেড়েছেন ১০৩ নম্বর ওয়ার্ডের তারকনাথ। এর আগে বিধানসভা নির্বাচনে বাঁকুড়ার শালতোড়া থেকে পরিচারিকা চন্দনা বাউড়িকে ভোটের টিকিট দিয়ে চমকে দিয়েছিল বিজেপি। সেই চন্দনা তারকনাথের হয়ে প্রচার করতেও এসেছিলেন।

তারকনাথ জানান যে তাঁর মাসিক আয় চার হাজার টাকা। তিনি যে টোটোটি চালান সেটি ভাড়া করা। মালিককে রোজ ২৫০ টাকা দিতে হয়। আর সেই তারকনাথই মাত্র পাঁচ ভোটে জিতে এখন কাউন্সিলর।

ভোটের প্রচারে এলাকার অনুন্নয়নকেই হাতিয়ার করেছিলেন তারকনাথ। টোটো নিয়েই বাড়ি বাড়ি ঘুরে প্রচার করেছেন তিনি। প্রচারের সময় তাঁর টোটোতে বেজেছে আসানসোলের প্রাক্তন সাংসদ বাবুল সুপ্রিয়র গাওয়া তৃণমূল বিরোধী গান।

১০৩ নম্বর ছাড়া বিজেপি আসানসোলে আরও ছ’টি ওয়ার্ডে জিতেছে। ২৭ নম্বর ওয়ার্ডে বিজেপির টিকিটে জেতেন চৈতালি তিওয়ারি তাঁর স্বামী জিতেন্দ্র আসানসোলের প্রাক্তন মেয়র ছিলেন। তবে সকলের মধ্যে এখন টোটোচালক থেকে কাউন্সিলর হওয়া তারকনাথই সবথেকে বেশি নজর কাড়লেন।

RELATED Articles