দীর্ঘদিন বন্ধ থাকছে ব্যান্ডেল জংশন স্টেশন, বাতিল ৬৮টি লোকাল ও ১২টি এক্সপ্রেস ট্রেন, চরম দুর্ভোগ নিত্যযাত্রীদের কপালে

রুট রিলে ইন্টারলকিং কেবিন স্থানান্তর ও তৃতীয় লাইন বসানোর জন্য হাওড়া-বর্ধমান মেন শাখায় আগামী ১৩ই মে থেকে ২৬শে মে পর্যন্ত বন্ধ রাখা হবে ট্রেন চলাচল। এমন সমস্যা দেখা যাবে মগরা থেকে ব্যান্ডেল পর্যন্ত। রেল দফতর সূত্রে এও জানানো হয়েছে যে রিলে কেবিন সরানোর জন্য আগামী ২৭শে মে থেকে ২৯শে মে পর্যন্ত ব্যান্ডেল জংশন স্টেশন সম্পূর্ণ বন্ধ রাখা হবে।

জানা গিয়েছে, ব্যান্ডেল থেকে মগরা পর্যন্ত তৃতীয় লাইন তৈরি হচ্ছে। আর এই কারণেই আগামী ১৩ই মে থেকে ২৬শে মে পর্যন্ত কোনও কোনও দিন বেলা ১১টা থেকে দুপুর ২টো পর্যন্ত এবং কোনও কোনও দিন বেলা ১১টা থেকে বিকেল ৩টে পর্যন্ত ব্যান্ডেল জংশন দিয়ে ট্রেন চলাচল বন্ধ থাকবে। এই একই কারণেই ৬৮টি লোকাল ট্রেন ও ১২টি এক্সপ্রেস বাতিল করা হচ্ছে। ট্রেন রুটেরও বদল করা হচ্ছে বলে খবর।

ব্যান্ডেল স্টেশনের রুট রিলে কেবিনটির আধুনিকীকরণ করার পাশাপাশি এটিকে স্থানান্তরিতও করা হচ্ছে। পুরনো কেবিনের জায়গা দিয়েই পাতা হচ্ছে নতুন তৃতীয় লাইন। এভাবে দুই সপ্তাহ ধরে আংশিক ও তিনদিন ব্যান্ডেল স্টেশন সম্পূর্ণ বন্ধ থাকাই নিত্যযাত্রী, স্কুল পড়ুয়া, সাধারণ মানুষের দুর্ভোগ যে চরমে উঠবে, তা বলাই বাহুল্য।

এই ব্যান্ডেল জংশন স্টেশনের সঙ্গে ট্রেনপথে যুক্ত হয় কাটোয়া, নৈহাটি ও বর্ধমান লাইন। এই স্টেশন দিয়ে প্রতিদিন গড়ে ২২-৩০ হাজার যাত্রী যাতায়াত করে। অনেকেই দূরপাল্লার ট্রেন ধরে এই ব্যান্ডেল জংশন স্টেশনে আসেন। ফলত, এই স্টেশন বন্ধ থাকার কারণে অনেকেই বেশ সমস্যার মুখে পড়বেন। হাওড়া যাওয়ার জন্য চুঁচুড়া থেকে কিছু ট্রেন চালানো হবে। এদিকে, কাটোয়া যাওয়ার ট্রেন ছাড়বে ত্রিবেণী স্টেশন থেকে ও বর্ধমান যাওয়ার ট্রেন ছাড়বে মগরা স্টেশন থেকে।  

ব্যান্ডেলের সঙ্গে সিগন্যাল কানেক্ট রয়েছে হাওড়া লাইনের হুগলী স্টেশনের। এই কারণে ব্যান্ডেল স্টেশনের পাশাপাশি বন্ধ থাকবে হুগলী স্টেশন, কাটোয়া লাইনে বাঁশবেড়িয়া স্টেশন, বর্ধমান লাইনে সপ্তগ্রাম স্টেশন। রেল দফতরের তরফে জানানো হয়েছে যে আগামী ৩০শে মে থেকে ফের করে আবার ট্রেন চালু হবে। এর জেরে যাত্রীদের দুর্ভোগ পোহাতে হবে। এমন সময় অনেকেই প্রশ্ন তুলেছেন যে লকডাউনের সময় দফায় দফায় দীর্ঘদিন ট্রেন বন্ধ ছিল। সেই সময় কেন এসব কাজ করা হল না!

RELATED Articles