গতকাল, বুধবার মধ্যরাত থেকেই বুকে ব্যাথা অনুবভব করেন তৃণমূল নেতা অনুব্রত মণ্ডল। রাতেই কথা বলেন চিকিৎসকের সঙ্গে। এরপর আজ, বৃহস্পতিবার সকাল হতেই চিকিৎসকের পরামর্শ মতোই বাইপাসের ধারে এক বেসরকারি হাসপাতালে যান বীরভূমের দোর্দণ্ডপ্রতাপ নেতা। সেখানেই তাঁর পরীক্ষানিরীক্ষা চলছে। রিপোর্ট দেখে নেওয়া হবে পরবর্তী সিদ্ধান্ত।
সারারাত বুকে যন্ত্রণা হয়েছে অনুব্রতর। তাই তাঁর হার্টে কোনও ব্লকেজ রয়েছে কী না, তা চিকিৎসকদের ভাবাচ্ছে। এছাড়াও তাঁর মধুমেহ, উচ্চ রক্তচাপের সমস্যা নিয়েও বেসরকারি হাসপাতাল কর্তৃপক্ষ বেশ উদ্বিগ্ন। তৃণমূল নেতাকে ফের হাসপাতালে ভর্তি করা হবে কী না, সে বিষয়ে এখনই কোনও সিদ্ধান্ত নিতে পারছেন না চিকিৎসকেরা। আপাতত রিপোর্টের অপেক্ষায় রয়েছেন তারা।
বলে রাখি, গত ৬ই এপ্রিল গরুপাচার কাণ্ডে জিজ্ঞাসাবাদের জন্য সিবিআই তলব করেছিল অনুব্রত মণ্ডলকে। কিন্তু সেদিন কলকাতায় থাকলেও, তিনি নিজাম প্যালেসে হাজিরা না দিয়ে, সোজা চলে গিয়েছিলেন এসএসকেএমে। সেখানে নানান পরীক্ষানিরীক্ষার পর উডবার্ন ওয়ার্ডে ভর্তি হন তৃণমূল নেতা।
সিবিআইকে জানানো হয় যে শারীরিক অসুস্থতার কারণে অনুব্রত মণ্ডল হাজিরা দিতে পারবেন না। নানান শারীরিক সমস্যা ধরে তাঁর। টানা ১৭ দিন তিনি এসএসকেএমে ভর্তি ছিলেন। এরপর চিকিৎসকের পরামর্শমতো চিনার পার্কের ফ্ল্যাটে রয়েছেন বীরভূমের তৃণমূল জেলা সভাপতি। সিবিআইয়ের কাছে আপাতত চার সপ্তাহ সময় চেয়ে নিয়েছেন তিনি।
কিন্তু এরই মাঝে ফের বুকে ব্যাথা উঠল অনুব্রতর। গতকাল, বুধবার রাত থেকে বুকে তীব্র ব্যাথা অনুভব করেন তিনি। আজ সকালেই যান বাইপাসের ধারে এক বেসরকারি হাসপাতালে। গাড়ি থেকে নেমে হুইল চেয়ারে করে হাসপাতালে ঢোকেন তিনি। আপাতত পরীক্ষানিরীক্ষা চলছে তাঁর।





