রেললাইনে ফাটল! অল্পের জন্য রক্ষা পেল কতশত যাত্রীদের প্রাণ, শিয়ালদহ শাখায় বন্ধ ট্রেন চলাচল

রেললাইনে দেখা দিল ফাটল। এর জেরে বন্ধ ট্রেন চলাচল। অল্পের জন্য রক্ষা পেল যাত্রীদের প্রাণ। রেল কর্মীরা যুদ্ধকালীন তৎপরতায় লাইন সারানোর কাজ শুরু করেছে বলে খবর। তবে রেল পরিষেবা বন্ধ হয়ে যাওয়ায় দুর্ভোগের মুখে যাত্রীরা।

ঘটনাটি ঘটেছে বনগাঁ স্টেশনে। জানা গিয়েছে, আজ, শনিবার সকাল ৯টা ৫০ মিনিট নাগাদ বনগাঁ স্টেশন থেকে ছাড়ছিল বনগাঁ লোকাল। সেই সময় এই ফাটলটি চোখে পড়ে ট্রেনের চাওলের। তিনি কর্তৃপক্ষকে খবর দেন। তা শুনেই ঘটনাস্থলে ছোটেন রেলকর্মীরা। লাইন দেখে তা দ্রুত মেরামতের কাজে লেগে পড়েন তারা।

এই ফাটল যদি চালকের চোখে না পড়ত, তাহলে বড়সড় কোনও দুর্ঘটনা ঘটতে পারত আজ। কীভাবে ওই ফাটল তৈরি হল, তা যদিও এখনও স্পষ্ট নয়। এই ফাটলের জেরেই আপাতত শিয়ালদহ-বনগাঁ আপ ও ডাউন লাইনে ট্রেন চলাচল বন্ধ রয়েছে।  

এই শিয়ালদহ-বনগাঁ লাইনে প্রতিদিন হাজার হাজার যাত্রীর যাতায়াত। যদি এদিন ফাটলটি চালকের চোখে না পড়ত, তাহলে অনেক যাত্রীর প্রাণ সংশয়ও হতে পারত। ফাটলের কারণ এখনও অজানা। তবে দ্রুত মেরামতির কাজ করে ট্রেন পরিষেবা স্বাভাবিক করার চেষ্টা করা হচ্ছে বলে খবর।  

তবে এদিন শিয়ালদহ-বনগাঁ শাখায় ট্রেন বন্ধ থাকায় সমস্যায় পড়েছেন যাত্রীরা। এই ঘটনায় ক্ষুব্ধ তারা। তাদের কথায়, কিছু মাস আগেই বনগাঁ লাইন মেরামতির কাজ হল, তা সত্ত্বেও এখন এমন ফাটল কীভাবে দেখা দিতে পারে। কোনও উপায় না পেয়ে যাত্রীরা অনেকেই আপাতত বাস বা অন্য বিকল্প পরিষেবার সাহায্যে গন্তব্যের দিকে যাচ্ছেন।

RELATED Articles