করোনার মধ্যে এবার শুরু হয়েছে বদলির পালা। মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজের বিতর্কিত সুপার ও ভাইস প্রেসিডেন্ট ডঃ দেবদাস সাহাকে সরিয়ে দেওয়া হল। তবে তাঁকে কেন সরানো হলো তার কারণ এখনো সুস্পষ্ট নয়।

সম্প্রতি গত ২৫শে এপ্রিল তিনি একটি সরকারি নির্দেশিকা নিয়ে বিতর্কে আসেন। তাতে লেখা ছিল, করোনায় মৃত্যু হলেও মৃত্যুর কারণ হিসেবে কোন মতেই করোনা উল্লেখ করা যাবে না। মৃত্যুর কারণ হিসেবে স্বাভাবিক কারণই দেখাতে হবে। এই নির্দেশিকার কথা সোশ্যাল মিডিয়াতেও বেশ ভাইরাল হয়। এর আগে রাজ্যে ডেঙ্গু নিয়েও এইরূপ বির্তক উঠেছিল। সেখানেও অভিযোগ ছিল মৃত্যুর কারণ হিসেবে ডেঙ্গু লেখা যাবে না। আবার সেই একই ঘটনার পুনরাবৃত্তি।

এই ঘটনা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই বিতর্কের ঝড় ওঠে রাজ্য রাজনীতিতে। এই নির্দেশিকাকে হাতিয়ার করেই রাজ্যের বিরুদ্ধে প্রতিবাদে সোচ্চার হয়েছিলেন অধীর চৌধুরী, বাবুল সুপ্রিয়রা। এমনকি আদালতেও যাওয়ার হুমকি দেন বাবুল। রাজ্য সরকারের তরফে স্পষ্ট জানানো হয়েছে, এরকম কোনওরকম নির্দেশিকা প্রশাসন জারি করেনি। রাজ্যের তরফে বলা হয়েছে, রাজ্যে একটি কমিটি গঠন করা হয়েছে, যেখানে কেন্দ্রের যাবতীয় নির্দেশ মেনেই কাজ করা হচ্ছে। কিন্তু তা সত্ত্বেও বিশিষ্ট চিকিৎসকের বদলির পিছনে এই বিতর্ক রয়েছে বলেই মনে করছেন বিশ্লেষকরা। এখনও অবধি পশ্চিমবঙ্গে আক্রান্তের সংখ্যা ৭৫০ ছাড়িয়েছে মৃত্যুর সংখ্যাও বেড়েছে গত ২৪ ঘন্টায় আরও ১১।





