একই ওয়ার্ডে তৃণমূলের দু’জন প্রার্থী। দুজনেই নিজেদের পুরসভার প্রার্থী বলে দাবী করছেন। দুজনের নামের চলছে প্রচার, দেওয়াল লিখন। তৃণমূলের প্রতীক চিহ্ন ঘাসফুলে ভোট দেওয়ার আবেদন জানাচ্ছেন দুজনেই। এমন অদ্ভুত ঘটনা দেখে বেশ বিভ্রান্তিতে পড়েছেন এলাকার তৃণমূল কর্মীরা। এই ঘটনায় বেশ চাঞ্চল্য ছড়িয়েছে ওই ওয়ার্ডে।
এই ঘটনাটি ঘটেছে মেদিনীপুর পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে। একই ওয়ার্ডে নিজেদের দলীয় প্রার্থী দাবী করে প্রচার শুরু করেছেন প্রাক্তন কাউন্সিলর বিশ্বেশ্বর নায়েকের স্ত্রী অর্পিতা রায় নায়েক ও এলাকার তৃণমূল নেত্রী সংঘমিত্রা পাল। দুই প্রার্থীর তরফেই চলছে দেওয়াল লিখন, প্রচার। এর জেরে চরম বিভ্রান্তির মুখে পড়েছেন এলাকার তৃণমূল কর্মী থেকে সাধারণ মানুষ, সকলেই। সকলের মনেই একটাই প্রশ্ন, “ভোটটা দেব কাকে”?
আসলে এমন ঘটনা ঘটেছে তৃণমূলের ২ দফায় প্রকাশিত প্রার্থী তালিকার জেরে। গত শুক্রবার তৃণমূলের তরফে পুরসভা নির্বাচনের জন্য প্রার্থী তালিকা প্রকাশ করা হয়। কিন্তু দেখা যায় তৃণমূলের অফিশিয়াল ওয়েবসাইটে আগের থেকেই একটি প্রার্থী তালিকা আপলোড করা রয়েছে।
এই তালিকা নিয়ে তৃণমূলের মধ্যে বিক্ষোভ ছড়ায়। জেলায় জেলায় বিক্ষোভ করেন নেতা-কর্মীরা। তবে ওই তালিকাকে বাতিল ঘোষণা করে ফের নতুন করে প্রার্থী তালিকা প্রকাশ করেন পার্থ চট্টোপাধ্যায়। এর জেরে বেশ বিভ্রান্তির মুখে পড়তে হয়েছে দলকে। তৃণমূলের প্রথম তালিকায় মেদিনীপুর পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে প্রার্থী হিসেবে নাম রয়েছে অর্পিতা রায় নায়েকের। আর দ্বিতীয় তালিকায় নাম রয়েছে সংঘমিত্রা পালের।
এমন নানান ঘটনার জেরে শাসকদলের গোষ্ঠীকোন্দল চরমে উঠেছে। দুই পক্ষই দাবী করছেন যে তিনিই প্রার্থী। এই ঘটনায় ওয়ার্ড সভাপতি বরুণ বসু অবশ্য সাথ দিয়েছেন সংঘমিত্রা পালেরই। তবে জেলা তৃণমূল নেতৃত্ব এই নিয়ে কোনও মন্তব্য করেন নি।





