‘বিজেপি কর্মীদের বিছুটি পাতা ঘষে দেব, না দেখাতে পারবে, না চুলকোতে পারবে’, ফের আক্রমণাত্মক উদয়ন গুহ

প্রথম তাঁর রূপ দেখা গিয়েছিল বিধানসভায় উপনির্বাচনে বিধায়ক হওয়ার পর। বিজেপি বিধায়ক মিহির গোস্বামীর (Mihir Goswami) বিরুদ্ধে আক্রমণ শানিয়েছিলেন তৃণমূল বিধায়ক উদয়ন গুহ (Udayan Guha)। তারপর তিনি মন্ত্রী হয়েছেন। মন্ত্রিসভায় জায়গা পাওয়ার পর থেকেই নানানভাবে বিরোধী পক্ষকে দেগেছেন তিনি। এবার ফের একবার বিজেপির (BJP) উদ্দেশে আক্রমণ শানালেন উদয়ন।

সম্প্রতি কোচবিহারে গিয়েছিলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। সেই সময় তিনি ‘কোচবিহারের দাওয়াই’য়ের কথা বলেছিলেন। এবার সেই মন্তব্যের পাল্টাই দিলেন উদয়ন।

এদিন উদয়ন বলেন, “কোচবিহার দাওয়াই মানে কী? শীতলকুচিতে চার জন সংখ্যালঘু ছেলেকে কেন্দ্রীয় বাহিনীর গুলি করে মারা? নাকি দিনহাটায় উদয়ন গুহর হাত ভেঙে দেওয়া”? এরপরেই উদয়ন বলেন, “বিজেপি যদি আমাদের কর্মীদের উপর আক্রমণ করে তাহলে ওদের শরীরের এমন জায়গায় বিচুটিপাতা ঘষে দেওয়া হবে যে না পারবে কাউকে দেখাতে, না পারবে চুলকোতে”।

কিছুদিন আগেই উদয়ন গুহ বলেছিলেন যে সাঁড়াশি দিয়ে বিজেপি কর্মীদের দাঁতকপাটি উপড়ে দেবেন। শুধু তাই-ই নয়, সম্প্রতি কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিকের চুল-দাড়ি উপড়ে নেওয়ার কথাও বলেন তিনি। আর এবার তাঁর মুখে উঠে এল বিছুটি পাতার ঘষে দেওয়ার কথা।

আরও অন্যান্য খবর