‘তৃণমূল যদি চায় তবেই বিজেপি ভোটে প্রার্থী দিতে পারবে’, পঞ্চায়েত নির্বাচনের আগে ফের বিরোধীদের হুমকি মন্ত্রী উদয়ন গুহর

সামনেই পঞ্চায়েত নির্বাচন (Panchayet Election)। এর আগেও অনেকবার বিরোধীদের হুমকি শানিয়েছেন তিনি। এবার ফের একবার বিরোধীদের উদ্দেশে হুমকির সুর শোনা গেল উত্তরবঙ্গের উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহর (Udayan Guha) গলায়। এক দলীয় সভায় তিনি বলেন, “তৃণমূল (TMC) চাইলে তবেই বিজেপি (BJP) পঞ্চায়েত ভোটে প্রার্থী দিতে পারবে”। পালটা বিজেপি নেতা রাহুল সিনহা (Rahul Sinha) বলেন, “পুলিশ তৃণমূলের দালালি করা বন্ধ করুক। দেখা যাবে কে প্রার্থী দিতে না পারে”।

গতকাল, মঙ্গলবার সন্ধ্যায় এক দলীয় সভায় যোগ দেন উদয়ন গুহ। সেখানে পঞ্চায়েত নির্বাচন নিয়ে বক্তৃতা দিতে গিয়ে তিনি বলেন, “আমরা মদত না দিলে বিজেপির প্রার্থী দেওয়ার ক্ষমতা নেই। বিজেপি তখনই প্রার্থী দিতে পারবে যদি আমাদের লোকেরা বিজেপিকে গিয়ে যদি বলে, আপনারা দাঁড়ান আমরা আছি। এখানে যদি বিজেপি প্রার্থী দেয়, তাহলে শাস্তি হবে আমাদের নেতাদের”।

তিনি আরও বলেন, “আমরা কাউকে মারব না এইবার, কাউকে আটকাব না। মনোনয়নপত্র দিতে না পারে সেজন্য সাহেবগঞ্জে গিয়ে ভিড় করে থাকতে পারব না। কিন্তু আমরা নিজের নিজের এলাকায় পার্টিকে এমনভাবে শক্তিশালী করব যাতে বিজেপি, সিপিএম, ফরওয়ার্ড ব্লক, কংগ্রেস, কেউ যেন প্রার্থী খুঁজে না পায়”।

অন্যদিকে আবার মঙ্গলবার সন্ধ্যাতেই তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, “পঞ্চায়েত নির্বাচনে হিংসা হবে না। যত দম থাকুক ব্যবহার করে দেখুক, স্বচ্ছ, শান্তিপূর্ণ অবাধ নির্বাচন হবে। এবং সেই বার্তা মুখ্যমন্ত্রীর তরফ থেকে প্রশাসনকে দেওয়া হয়েছে। যদি কোথাও কোনও বিক্ষিপ্ত ঘটনা হয় পুলিশ কঠোর হাতে তা দমন করবে। কোনও দল গায়ের জোরে পঞ্চায়েত দখল করতে পারবে না”।

উদয়ন গুহ’র মন্তব্যের প্রতিক্রিয়া দিয়ে বিজেপি নেতা রাহুল সিনহা বলেন, “তৃণমূলের নিচুতলার সঙ্গে ওপরতলার তার কেটে গেছে। ওপরতলার নেতারা দুর্নীতি করে কোটি কোটি কামিয়েছেন। তাদের কথা নিচুতলার কর্মীরা শুনবেন কেন? এখন তো মুখ্যমন্ত্রীর নাম পর্যন্ত দুর্নীতিতে উঠে আসছে। পুলিশ তৃণমূলের দালালিটা বন্ধ করুক, তার পর দেখব কে প্রার্থী দিতে না পারে”।

আরও অন্যান্য খবর