‘ধরুন না প্রধানমন্ত্রীর পায়ে, বাংলার মানুষের জন্য না হয় পা ধরলেন’, মমতার অভিযোগের প্রেক্ষিতে বেলাগাম দিলীপ

একশো দিনের কাজে টাকা দিচ্ছে না। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অভিযোগ কেন্দ্র সরকার (Central Government) ইচ্ছা করে এই টাকা দিচ্ছে না। ঝাড়গ্রামের সফরে গিয়ে এই নিয়ে ক্ষোভ উগড়ে দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। বলেছিলেন, একশো দিনের কাজের জন্য তিনি প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেছেন, এবার কী পায়ে ধরতে হবে? তাঁর এই মন্তব্যের প্রেক্ষিতেই এবার আক্রমণ শানালেন বিজেপির সর্বভারতীয় সাধারণ সম্পাদক দিলীপ ঘোষ (Dilip Ghosh)।

আজ, বুধবার ইকো পার্কে প্রাতঃভ্রমণে যান দিলীপ ঘোষ। এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রীর এই প্রশ্নের জবাব দিয়ে তিনি বলেন, “এখন ‌পেটে টান ধরেছে। তাই পায়ে ধরার কথা বলছেন। ধরুন না প্রধানমন্ত্রীর পায়ে। বাংলার মানুষের জন্য না হয় পা ধরলেন। মুখ্যমন্ত্রী কিছু করেননি। জঙ্গলমহলের মানুষ সেটা বুঝেছে। তাই বিগত নির্বাচনগুলিতে বিজেপিকে ভোট দিয়েছে। উত্তরবঙ্গের আদিবাসীরাও বিজেপিকে ভোট দিয়েছে। উনি মাঝে মাঝে যান। ওদের সঙ্গে নাচেন”।

নিয়োগ দুর্নীতি কাণ্ডে গ্রেফতার হয়েছেন প্রসন্নকুমার রায়। আর তাঁর বাড়ি থেকেই উদ্ধার হয়েছে দিলীপ ঘোষের ফ্ল্যাটের দলিল। এই ঘটনায় দিলীপ ঘোষের গ্রেফতারির দাবী তুলেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এই বিষয়ে দিলীপবাবু বলেন, “তদন্ত শেষ হোক। তারপর তো গ্রেফতারির প্রশ্ন। আমি তো প্রকাশ্যে বলছি। প্রসন্নর বাড়িতে আমি নিজে দলিলের কপি রেখেছি। তৃণমূল কংগ্রেসের সবাই এখন সিবিআইয়ের চা খাচ্ছে। কারও বাপের টাকায় ফ্ল্যাট কিনিনি। ব্যাঙ্ক লোন নিয়ে ফ্ল্যাট কিনেছি”।

তিনি আরও বলেন, “যেখানে ফ্ল্যাট কিনেছি, সেই হাউজিং সোসাইটির প্রধান প্রসন্ন। ইলেকট্রিক মিটারের নাম চেঞ্জ করার জন্য আমি কপি ওকে দিয়েছি। ওদের মতো চোর নাকি আমি? ধরা পড়ে গেলেই পার্থ আমাদের কেউ না। এটা আমাদের নীতি না। আমি চ্যালেঞ্জ করছি, দম থাকলে সিআইডি দিয়ে তদন্ত করা হোক”।

RELATED Articles