তিন আইপিএস অফিসারকে ডেপুটেশনে চেয়েছে কেন্দ্র! দিতে নারাজ রাজ্য, বৈঠকে‌ও মিলল না সমাধান

কেন্দ্রের সঙ্গে বৈঠকে বসেও কাটল না সমস্যার জাল। তিন আইপিএস অফিসারকে ডেপুটেশনের বিরোধিতায় এখন‌ও অনড় পশ্চিমবঙ্গ সরকার।
উল্লেখ্য, তিন আইপিএস অফিসারকে ডেপুটেশনে চেয়েছে কেন্দ্র। তবে কেন্দ্রের এই সিদ্ধান্তে এখন‌ও সহমত হয়নি রাজ্য। আর এই ইস্যুতেই এখন তোলপাড় রাজ্য রাজনীতির আঙিনা। এই বিষয়ে আলোচনার জন্য গতকাল অর্থাৎ শুক্রবার ভার্চুয়াল বৈঠকে বসে কেন্দ্র ও রাজ্য। তবে সেই বৈঠকেও মেলেনি কোন‌ও সমাধানের রাস্তা। তার পরিবর্তে ঝুলেই রইল জেপি নাড্ডার সফরের নিরাপত্তার দায়িত্বে থাকা তিন আইপিএস অফিসারের ডেপুটেশন সংক্রান্ত সিদ্ধান্ত।
গতকালের ভার্চুয়াল বৈঠকে রাজ্যের তরফে উপস্থিত ছিলেন রাজ্য পুলিশের ডিজি এবং মুখ্যসচিব। কেন্দ্রের তরফে বৈঠকে ছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রসচিব অজয় ভাল্লা।
সূত্র মারফত খবর, গত ১০ই ডিসেম্বর বিজেপির সর্বভারতীয় সভাপতির কনভয়ে হামলার ঘটনা নিয়ে মূলত আলোচনা হয়। যদিও ওই ঘটনার জল বর্তমানে গড়িয়েছে অনেক দূর। ওই সফরে নিরাপত্তার দায়িত্বে থাকা ডিআইজি (প্রেসিডেন্সি রেঞ্জ) প্রবীণ ত্রিপাঠি, দক্ষিণবঙ্গের এডিজি (দক্ষিণবঙ্গ) রাজীব মিশ্র এবং ডায়মন্ড হারবারের পুলিশ সুপার ভোলানাথ পাণ্ডেকে বৈঠকের অনেক আগেই দিল্লিতে ডেকে পাঠানো হয়। তবে রাজ্য তাঁদের অব্যহতি দিতে চায়নি।
এরপর ওই তিন আধিকারিককে ডেপুটেশনে চাওয়া হয়। এই তিনজনের নতুন পোস্টিংয়ের কথাও জানানো হয়েছে একটি চিঠিতে। এই মুহূর্তে ডিআইজি (প্রেসিডেন্সি রেঞ্জ) প্রবীণ ত্রিপাঠিকে সরানো হচ্ছে এসএসবিতে। আইটিবিপিতে নতুন পদ পাচ্ছেন দক্ষিণবঙ্গের এডিজি (দক্ষিণবঙ্গ) রাজীব মিশ্র এবং ডায়মন্ড হারবারের পুলিশ সুপার ভোলানাথ পাণ্ডেকে নিয়ে যাওয়া হবে পুলিশ রিসার্চ ব্যুরো বা বিপিআরডি-তে। ৫ বছরের জন্য তাঁদের ডেপুটেশনে চেয়েছে কেন্দ্র।
কিন্তু কেন্দ্রের এই সিদ্ধান্তে যে রাজ্যের এখনও আপত্তি রয়েছে তা শুক্রবার সন্ধ্যার বৈঠকে রাজ্যের প্রতিনিধিরা সাফ জানিয়ে দেয়। তবে কেন্দ্রের তরফে এখন‌ও এই বিষয়ে কিছুই জানানো হয়নি।

RELATED Articles