টোল প্লাজা মুক্ত হবে দেশ! টোল সংগ্রহ হবে জিপিএস পদ্ধতিতে, ঘোষণা নীতিন গড়করির

টোল থাকবে কিন্তু উঠে যাবে টোলপ্লাজা গুলি। তাহলে কিভাবে সংগ্রহ হবে টোল? কেন্দ্রীয় সড়ক ও পরিবহন ও হাইওয়ে মন্ত্রী নীতীন গড়করি জানিয়েছেন, এবার থেকে জিপিএস পদ্ধতিতে টোল সংগ্রহ করা হবে। আগামী দু’বছরের মধ্যে ধাপে ধাপে দেশ জুড়ে টোল নাকা বা টোল প্লাজা উঠিয়ে দেবে কেন্দ্রীয় সরকার।
প্রসঙ্গত, যানবাহনের গতি বাড়াতে এবং টোল বা পথ কর সংগ্রহের পরিমাণ বাড়াতেই এই সিদ্ধান্ত নেওয়ার পথে এগোচ্ছে কেন্দ্র বলে জানানো হয়েছে। আশা করা হচ্ছে এই নয়া পদ্ধতিতে আগামী পাঁচ বছরের মধ্যে টোল থেকে সরকারের আয় হবে প্রায় ১ লক্ষ ৩৪ হাজার কোটি টাকা।
পরিকল্পনা অনুযায়ী, টোলে ফাঁকি দেওয়া রুখতে এবং টোল বা সড়ক কর সংগ্রহ বাড়াতেই এই পদক্ষেপ করছে ভারত সরকার। এর ফলে টোল প্লাজায় লম্বা যানবাহনের সারি আর দেখা যাবে না। ধীরে ধীরে উঠিয়ে দেওয়া হবে বেশিরভাগ টোল প্লাজা।
পরিবহন মন্ত্রী জানিয়েছেন, নয়া পদ্ধতিতে গাড়ি কোথায় কতদূর ভ্রমণ করছে তার উপর ভিত্তি করে সরাসরি গাড়ির মালিকের ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে ডিজিটাল পদ্ধতিতে টোলের টাকা কেটে নেওয়া হবে। এই জিপিএস পদ্ধতিতের টোল কাটার ফলে জানা যাবে একটি গাড়ি কোথায় কতক্ষণ ধরে কতদূর গিয়েছিল। এতে টোল প্লাজাগুলিকে টিকিয়ে রাখা এবং সেগুলির রক্ষণাবেক্ষণের জন্য বিপুল খরচও সরকারকে আর করতে হবে না।
প্রসঙ্গত উল্লেখ্য, সম্প্রতি বণিকসভা অ্যাসোচেমের সভায় বক্তব্য রাখতে গিয়ে গড়করি বলেছেন, রাশিয়ার একটি সংস্থার পরামর্শে তাদের প্রযুক্তিগত সহায়তায় দেশজুড়ে জিপিএস ইলেকট্রনিক পদ্ধতিতে টোল সংগ্রহ করা হবে। এ ব্যাপারে মাস্টারপ্ল্যানও তৈরি হচ্ছে।
নীতিন গড়করি স্পষ্টত‌ই জানিয়েছেন, এই প্রযুক্তিতে একটি বিষয় নিশ্চিত। কোনও গাড়ি আর কোনওভাবেই টোল ফাঁকি দিতে পারবে না। একইসঙ্গে টোল থেকে সরকারের আয়ও বাড়বে অনেকটাই। গড়করি বলেছেন, দেশের পুরনো গাড়িগুলিতেও যাতে জিপিএস প্রযুক্তি বসানো যায় সেজন্য আইন আনছে সরকার।

আরও অন্যান্য খবর