বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের প্রাণের বিশ্বভারতী’র প্রতিষ্ঠা দিবস উপলক্ষে রাজ্যের অন্যতম ঐতিহ্যশালী শিক্ষাপ্রতিষ্ঠানের আচার্য তথা প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানানোর পরিকল্পনা করেছে বিশ্বভারতী কর্তৃপক্ষ।
আসন্ন পৌষ উৎসব নিয়ে আজ অর্থাৎ বুধবার বিশ্বভারতীতে কর্মী পরিষদের একটি বৈঠক ছিল। এইদিন বৈঠকে উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী, ভারপ্রাপ্ত কর্মসচিব অশোক মাহাতো, এছাড়াও কর্মীমণ্ডল শান্তিনিকেতন ট্রাস্টের প্রতিনিধি-সহ আনান্যরা উপস্থিত ছিলেন।
বর্তমান মহামারীর পরিস্থিতিতে কীভাবে এই উৎসব করা সম্ভব হবে তা নিয়ে এই বৈঠকে বিস্তারিত আলোচনা হয়।
সেখানে সিদ্ধান্ত নেওয়া হয়, আগামী ৮ই পৌষ আম্রকুঞ্জে প্রতিষ্ঠা দিবস পালন করা হবে। সেই অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য বিশ্বভারতীর আচার্য তথা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আমন্ত্রণ জানানোর বিষয়ে সিদ্ধান্ত নিয়েছে বিশ্বভারতী কর্তৃপক্ষ। পাশাপাশি বিশ্বভারতীর প্রধান রাজ্যপাল, কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী-সহ একাধিক কেন্দ্রীয় মন্ত্রী আসতে পারেন ওই অনুষ্ঠানে বলে জানা যাচ্ছে।
বুধবার কর্মী পরিষদের পক্ষে এই কথা জানান কিশোর ভট্টাচার্য। তিনি জানিয়েছেন, “৮ই পৌষ আম্রকুঞ্জে প্রতিষ্ঠা দিবসে প্রধানমন্ত্রী ছাড়াও রাজ্যপাল, কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী-সহ অনান্যরা উপস্থিত থাকতে পারেন।”
তাৎপর্যপূর্ণ ভাবে, ১৯২১ সালে বিশ্বভারতী প্রতিষ্ঠিত হয়েছিল, তাই ২০২১ প্রতিষ্টা শতবর্ষ হিসাবে বিশ্বভারতী তা পালন করতে চলছে। তাই সিদ্ধান্ত নেওয়া হয়, আগামী ৮ই পৌষ আম্রকুঞ্জে প্রতিষ্ঠা দিবস পালন করা হবে।





