লকডাউনে বাড়ির মিটার রিডিং বন্ধ, কীভাবে বিল আসবে জানাল বিদ্যুৎ দফতর

করোনা পরিস্থিতিতে বাড়ি বাড়ি মিটার রিডিং করা সম্ভব হচ্ছে না বিদ্যুৎ দফতরের পক্ষে। সংক্রমণের আশঙ্কায় গ্রাহকদের বাড়িতে বাড়িতে মিটার রিডিং-এর কাজ করা স্থগিত রয়েছে। এমতাবস্থায় তাহলে বিল আসবে কী করে এই চিন্তায় পড়েছেন সাধারণ মানুষ। এবার এই সমস্যা মোকাবিলায় বিদ্যুৎ দফতর একটি পদক্ষেপ নিয়েছে।

বিদ্যুৎমন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় জানিয়েছেন, লকডাউনের জন্য মিটার রিডিং আপাতত বন্ধ রয়েছে। কারোর বাড়ি বাড়িতে গিয়ে এই মুহূর্তে মিটার দেখা হচ্ছে না। আগামী দিনে যখন মিটার রিডিং সম্ভব হবে, তখন আগের বিলের অঙ্ক মিলিয়ে দেওয়া হবে। এই নিয়ে চিন্তার কোনও কারণ নেই বলে আশ্বাস বিদ্যুৎ মন্ত্রীর।

বিদ্যুৎ দফতর সূত্রে জানানো হয়েছে, রাজ্য বিদ্যুৎ বণ্টন কোম্পানি গত বছরের ত্রৈমাসিকের বিদ্যুৎ খরচের পরিসংখ্যানের উপর ভিত্তি করে গড় বিল তৈরি করেছে। তবে একটা আশঙ্কা থেকেই যাচ্ছে। এক্ষেত্রে এই মাসে বিল কম আসলেও পরের মাসে বিল বেশি আসতে পারে বলে মনে করা হচ্ছে। তবে তেমন সম্ভাবনা অনেকটাই কম বলে জানা গিয়েছে।

বিদ্যুৎ দফতরের আধিকারিকদের কথা অনুযায়ী, বিদ্যুৎ নিয়ন্ত্রণ কমিশনের বিধি মতই বিল সংক্রান্ত ব্যাপারে পদক্ষেপ করা হচ্ছে। লকডাউনের জন্যই লো এবং মিডিয়াম ভোল্টেজের গ্রাহকদের বিদ্যুৎ বিল জমা দেওয়ার সময়সীমা ১৫ মে পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে।

RELATED Articles

Leave a Comment