নিম্নচাপ দুর্বল হলেও রাজ্যে বর্ষার প্রভাব এখনও বিদ্যমান। দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দফতর। কলকাতাতেও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামী দু’দিন।
আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, রবিবার এবং সোমবার কলকাতায় বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে কোথাও কোথাও ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। একইরকম আবহাওয়ার সম্ভাবনা রয়েছে হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, ঝাড়গ্রাম, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়া জেলায়ও।
সোমবার ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া এবং বাঁকুড়া জেলায়। তবে সোমবারের পর রাজ্যে বড়সড় বৃষ্টির সতর্কতা নেই বলেই জানিয়েছে আবহাওয়া দফতর। তবুও রাজ্যে সক্রিয় রয়েছে বর্ষার মৌসুমি বাতাস, ফলে সমস্ত জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে বিক্ষিপ্তভাবে।
উল্লেখ্য, পূর্ব ভারতে এখনও সক্রিয় ঘূর্ণাবর্ত এবং বঙ্গোপসাগরের উপর অক্ষরেখা বিরাজমান। যদিও নিম্নচাপ অঞ্চল এখন দুর্বল হয়ে সরে গিয়েছে ঝাড়খণ্ড ও ছত্তীসগঢ়ের দিকে।
উত্তরবঙ্গের পরিস্থিতিও এখনও উদ্বেগজনক। রবিবার দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারে ভারী বৃষ্টির সতর্কতা জারি হয়েছে। উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং মালদহ জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে। উত্তরের পাঁচ জেলায় বুধবার পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
আরও পড়ুনঃ সুসময় ৫ রাশির জন্য শুরু হচ্ছে দুর্লভ সৌভাগ্যের সময়, চমকে দেবে টাকার বৃষ্টি!
শনিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৭.২ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের তুলনায় ০.৩ ডিগ্রি বেশি। শুক্রবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩০.৮ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি কম।






