Weather: নতুন নিম্নচাপের আশঙ্কা, ফের দুর্যোগের বার্তা দক্ষিণবঙ্গে

গত কয়েকদিন ধরে ঝড়বৃষ্টি কিছুটা থেমে গিয়েছিল। অনেকেই ভেবেছিলেন এবার হয়তো একটু স্বস্তি মিলবে। কিন্তু হাওয়া অফিস জানাচ্ছে, সেই স্বস্তি দীর্ঘস্থায়ী হবে না। উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে তৈরি হওয়া ঘূর্ণাবর্ত আগামী ২৪ ঘণ্টার মধ্যেই নিম্নচাপে পরিণত হতে পারে। তার প্রভাব পড়বে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও ওড়িশা-সংলগ্ন এলাকায়। ফলে ফের ঝড়বৃষ্টি দেখা দিতে পারে উপকূল ও জেলাগুলিতে।

আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, মৌসুমি অক্ষরেখা এই মুহূর্তে দিঘা হয়ে উত্তর-পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। এর পাশাপাশি সক্রিয় রয়েছে ঘূর্ণাবর্তও। এর ফলে সমুদ্র এখন উত্তাল হয়ে উঠবে। আগামী ২৮ অগস্ট পর্যন্ত মৎস্যজীবীদের গভীর সমুদ্রে যেতে বারণ করা হয়েছে। কারণ ঘণ্টায় ৩৫ থেকে ৪৫ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে উপকূল সংলগ্ন এলাকায়।

কলকাতা, হাওড়া, দুই ২৪ পরগনা এবং পূর্ব-পশ্চিম মেদিনীপুরে মঙ্গলবার বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সঙ্গে বইতে পারে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে হাওয়া। বুধবার থেকে এর প্রভাব বাড়বে ঝাড়গ্রাম ও বাঁকুড়াতেও। বৃহস্পতিবার থেকে পুরো দক্ষিণবঙ্গেই দুর্যোগের আশঙ্কা জোরদার হবে। সেই দিন থেকে হলুদ সতর্কতা জারি করেছে হাওয়া অফিস। শুক্রবারও কোথাও হালকা, কোথাও মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

উত্তরবঙ্গেও এবার ঝড়বৃষ্টি মাথা তুলতে চলেছে। মঙ্গলবার জলপাইগুড়ি, কোচবিহার, উত্তর দিনাজপুর ও আলিপুরদুয়ারে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বুধবার জলপাইগুড়ি, কালিম্পং ও আলিপুরদুয়ারে ভারী বৃষ্টি হতে পারে। তবে বৃহস্পতিবার কিছুটা স্বস্তির ইঙ্গিত থাকলেও শুক্রবার থেকে রবিবার পর্যন্ত ফের ভারী বৃষ্টিতে ভিজতে পারে জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার।

আরও পড়ুনঃ Astrology: কর্মজীবনে উন্নতি আর বাড়বে সমাজে সম্মান, মঙ্গলের কৃপায় এই তিন রাশির জীবনে আসবে সফলতা

এরই মধ্যে কলকাতার তাপমাত্রাও কিছুটা নেমে এসেছে। মঙ্গলবার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৬.৫ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের তুলনায় সামান্য কম। রবিবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩১.৪ ডিগ্রি সেলসিয়াস, এটিও স্বাভাবিকের চেয়ে একটু কম। তবে ঝড়বৃষ্টির সম্ভাবনা থাকায় আগামী ক’দিন আবহাওয়ার অস্বস্তি থেকে মুক্তি মিলবে না বলেই মনে করছেন আবহবিদরা।

RELATED Articles