মঙ্গলবার থেকে বৃহস্পতিবার অবধি কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় নিম্নচাপের জেরে প্রচন্ড বৃষ্টিপাত হয়েছে। একাধিক জায়গা জলমগ্ন হয়ে পড়েছিল। সবে আজকে একটু পরিষ্কার আকাশের মুখ দেখা গেছে, এর মধ্যেই আবার নিম্নচাপের পূর্বাভাস দিল আবহাওয়া দপ্তর।
ফের নিম্নচাপ তৈরির সম্ভাবনা সৃষ্টি হয়েছে বঙ্গোপসাগরের ওপর। ফলে আগামী শনিবার সাগরে ফের শক্তিশালী হয়ে উঠতে পারে নিম্নচাপ। যার জেরে ভারী বর্ষণে ভাসবে দক্ষিণবঙ্গের একাধিক জেলা। এমনটাই সম্ভাবনার কথা জানাচ্ছে হাওয়া অফিস।
পূর্বাভাস অনুসারে, শনিবার বঙ্গোপসাগরের ওপর ঘনীভূত হতে পারে নিম্নচাপটি। যা ১০ই অগাস্ট পারাদ্বীপের কাছ দিয়ে ভূভাগে প্রবেশ করতে পারে। এর জেরে আগামী ১১ ও ১২ ই অগাস্ট দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা তৈরি রয়েছে। তবে পশ্চিমের জেলাগুলির থেকে পূর্বের জেলাগুলিতে বৃষ্টির পরিমান বেশি থাকবে।
একটা নিম্নচাপ কাটতে না কাটতেই যদি আরেকটা এসে পড়ে তবে অনেকেরই অনেক ক্ষতি হয়ে যাবে। ফলে এখন চিন্তার ভাঁজ পড়েছে অনেকেরই।





