গত সপ্তাহে রাজ্যের একাধিক জেলায় বৃষ্টি ও কালবৈশাখীর পূর্বাভাস দিয়েছিলে হাওয়া অফিস। কিন্তু কালবৈশাখী তো দূর হস্ত, একফোঁটা বৃষ্টিরও দেখা মেলেনি। আর এখন মেঘলা আকাশ কেটে তীব্র দাবদাহ শুরু রাজ্যে।
দক্ষিণবঙ্গের মানুষের জন্য আপাতত কোনও স্বস্তির খব দিতে পারছে না আলিপুর আবহাওয়া দফতর। গরম বাড়বে, আর এরই সঙ্গে পাল্লা দিয়ে বাড়বে তাপমাত্রাও। গোটা রাজ্যেই তাপপ্রবাহের সতর্কতা জারি করা হয়েছে। আজ কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ৩৮ ডিগ্রি সেলসিয়াস আর সর্বনিম্ন তাপমাত্রা ২৭ ডিগ্রি সেলসিয়াস।
আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, রোদ ঝলমলে আকাশের পাশাপাশি বাড়বে তাপমাত্রা আর এরই সঙ্গে বাড়বে আপেক্ষিক আর্দ্রতাও। এর জেরে অস্বস্তিকর পরিস্থিতি বজায় থাকবে। উত্তরের জেলাগুলিতে বিক্ষিপ্ত বৃষ্টি হলেও দক্ষিণের জেলা আপাতত শুষ্কই থাকবে। উত্তর ও দক্ষিণবঙ্গের একাধিক জেলাতেই তাপপ্রবাহের সতর্কতা জারি করা হয়েছে।
গত কয়েকদিন ধরে উত্তরের জেলাগুলিতে বৃষ্টি হলেও, গতকাল, সোমবার আলিপুর আবহাওয়া দফতর জানায় যে আপাতত উত্তরের জেলাগুলিতে বিক্ষিপ্ত বৃষ্টিপাতই হবে। তবে উত্তরের জেলাগুলিতেও বাড়বে তাপমাত্রা। মালদা ও দক্ষিণ দিনাজপুরে তাপপ্রবাহের সতর্কতা জারি করা হয়েছে। আগামী দু-তিনদিনে প্রায় ২-৩ ডিগ্রি তাপমাত্রা বাড়তে পারে বলে খবর।
দক্ষিণবঙ্গে বৃষ্টির দেখা আপাতত মিলবে না। আগামী কয়েকদিনে দক্ষিণবঙ্গের তাপমাত্রা আরও বাড়ার সম্ভাবনা। দক্ষিণবঙ্গের দক্ষিণ ২৪ পরগণা ও পূর্ব মেদিনীপুর ছাড়া বাকি সমস্ত জেলায় জারি তাপপ্রবাহের সতর্কতা। প্রয়োজন ছাড়া বেলার দিকে বাড়ি থেকে বেরোতে নিষেধ করা হচ্ছে সকলকে। এই সময় শরীরকে ঠাণ্ডা রাখতে ও প্রচুর পরিমাণে জল খাওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে।
আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, আগামীকালও রোদ ঝলমলেই থাকবে কলকাতার আকাশ। উত্তরবঙ্গের কিছু জেলায় হতে পারে বৃষ্টি। জলীয় বাষ্পের পরিমাণ বাড়ার কারণে বাড়বে আর্দ্রতাজনিত অস্বস্তিকর পরিস্থিতি। আগামীকাল শহর কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩৯ ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৭ ডিগ্রি সেলসিয়াস।





