কালীপুজোর আগেই বড়সড় আবহাওয়া বদলের ইঙ্গিত দিল হাওয়া অফিস। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস, রাজ্যে ধীরে ধীরে এবার পূবালী হাওয়ার বদলে ঢুকতে শুরু করেছে উত্তর-পশ্চিম হাওয়া। এর জেরে মঙ্গলবার থেকেই রাজ্যের সর্বত্র তাপমাত্রা কমবে। বঙ্গে এখন শীতের আমেজ।
কী জানাচ্ছে আবহাওয়া দফতর?
আবহাওয়ার দফতরের সূত্র অনুযায়ী, আগামী তিনদিনের মধ্যে কলকাতা ও সংলগ্ন এলাকার তাপমাত্রা নেমে যাবে ২০ থেকে ২১ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। পশ্চিমের জেলাগুলির তাপমাত্রা আরও কমবে। পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, বীরভূম, বাঁকুড়ায় তাপমাত্রা বুধবারের মধ্যে ১৮-১৯ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে নেমে যাবে। এই সপ্তাহ থেকেই দক্ষিণবঙ্গের সব জেলাতেই ভরপুর শীতের আমেজ পাবে বঙ্গবাসী।
হাওয়া অফিস জানাচ্ছে, কলকাতা ও সংলগ্ন এলাকায় সকাল ও সন্ধ্যায় শীতের আমেজ কিছুটা অনুভূত হলেও পশ্চিমের জেলাগুলিতে শীতের আমেজ বেশ ভালোভাবেই অনুভূত হবে। আজ, সোমবার কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ২৩.৭ ডিগ্রি। গতকাল, রবিবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩১.১ ডিগ্রি। এদিন বাতাসে জলীয় বাষ্পের সর্বোচ্চ পরিমাণ ৬১ থেকে ৯২ শতাংশ।
উত্তরবঙ্গের আবহাওয়ার কী খবর?
আবহাওয়া দফতর সূত্রে খবর, উত্তরবঙ্গের দার্জিলিং ও কালিম্পংয়ে হালকা বৃষ্টির পূর্বাভাস রয়েছে। তবে ভারী বৃষ্টির কোনও সম্ভাবনা নেই সেখানে। আগামী কয়েকদিন উত্তরবঙ্গের পার্বত্য এলাকা ছাড়া বাকি কোনও জেলাতেই বৃষ্টির তেমন কোনও সম্ভাবনা নেই। জলীয় বাষ্প কমে বাতাস ক্রমশ শুষ্ক হবে। হাওয়া অফিস জানাচ্ছে, উত্তরবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রার বিশেষ হেরফের যদিও হবে না। তবে ধীরে ধীরে শীতের আমেজ বাড়বে।





