শীতের শেষ থেকেই আবহাওয়া পরিবর্তনের পূর্বাভাস দেখা দিচ্ছে। মাঝে মাঝেই হালকা বৃষ্টিতে ভাসছে শহর। এরই মধ্যে আবহাওয়া দপ্তর পূর্বাভাস জানাচ্ছে কালবৈশাখীর।
আগামীকাল থেকে কলকাতা এবং উত্তরবঙ্গের জেলাগুলোতে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা। এদিন কলকাতায় আংশিক মেঘলা আকাশ থাকবে এবং শুক্রবার কলকাতা-সহ গোটা রাজ্যে হালকা থেকে ভারী এবং অতি ভারী ঝড় বৃষ্টির সম্ভাবনার পূর্বাভাস।
বুধবার সকালে তাপমাত্রা ছিল সর্বনিম্ন ২২.৮ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ ৩৩ ডিগ্রি সেলসিয়াস ,যা স্বাভাবিক। আজ সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২২.৬ ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি বেশি। বাতাসে আপেক্ষিক আদ্রতার পরিমাণ ৩৬ থেকে ৯৫ শতাংশ। রাতের দিকে তাপমাত্রা বৃদ্ধির সম্ভাবনা, যা স্বাভাবিকের থেকে বেশী। উত্তরবঙ্গের জেলাতে বৃহস্পতিবার হালকা বৃষ্টির সম্ভাবনা থাকলেও শুক্রবার থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে যার রেশ শনিবার থেকে রবিবার পর্যন্ত থাকবে বলে আশঙ্কা করা হচ্ছে।
রাজস্থানে পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে সৃষ্ট নিম্নচাপ এছাড়া উত্তর পশ্চিম ভারতে আরব সাগর থেকে আসা প্রচুর জলীয় বাষ্প এবং বঙ্গোপসাগর থেকে আসা প্রচুর জলীয়বাষ্পের কারনে পূবালী হাওয়ার প্রভাব বৃদ্ধি পাচ্ছে। তার সাথে পশ্চিমী ঝঞ্ঝার সংঘাতের ফলেই ঝড় সৃষ্টি হতে পারে বলে পূর্বাভাস জানাচ্ছে আলিপুর।
পাঞ্জাব, ওড়িশা এবং ঝাড়খন্ডের কাছে গাঙ্গেয় অঞ্চলে পশ্চিমবঙ্গের জেলাগুলিতে এদিন ঝোড়ো হাওয়া এবং ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে। এমনকি আশঙ্কা করা হচ্ছে জম্মু কাশ্মীর, লাদাখ, হিমাচল প্রদেশে তুষারপাতও হতে পারে। ঝড়ের সাথে শিলা বৃষ্টির সম্ভাবনার কথা জানানো হয়েছে ভারতের কিছু রাজ্যে সেগুলি হল – পঞ্জাব, হরিয়ানা, চন্ডিগড়, দিল্লি, রাজস্থান, ঝারখণ্ড ও ওড়িশায়।





