সিবিআই (CBI) আইনভঙ্গ করেছে। নিয়ম মেনে গ্রেফতার করা হয়নি তৃণমূল বিধায়ক জীবনকৃষ্ণ সাহাকে (Jiban Krishna Saha)। এই নিয়ে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআইয়ের উপর ক্ষোভ উগড়ে দিলেন বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় (Biman Banerjee)। আইনি পদক্ষেপ নেওয়ারও হুঁশিয়ারি দিলেন তিনি।
গত শুক্রবার বেলার দিকে নিয়োগ দুর্নীতি কাণ্ডে তৃণমূল বিধায়ক জীবনকৃষ্ণ সাহার বাড়িতে তল্লাশি শুরু করে সিবিআই। ৬৫ ঘণ্টা ম্যারাথন তল্লাশি ও জেরার পর গ্রেফতার করা হয় তৃণমূল বিধায়ককে। ওইদিনই আদালতে তোলা হয় তাঁকে।
কিন্তু স্পিকারের দাবী, একজন বিধায়ককে গ্রেফতার করা হলেও সে বিষয়ে বিধানসভাকে ২৪ ঘণ্টারও বেশি সময় পর জানায় সিবিআই। গত সোমবার গ্রেফতার করা হয় জীবনকৃষ্ণকে। কিন্তু সিবিআই আধিকারিকরা তা বিধানসভায় জানান মঙ্গলবার দুপুরে। চিঠি দিয়ে বিষয়টা জানান তারা। আর এতেই ক্ষুব্ধ স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়।
স্পিকারের কথায়, “বিধানসভার একটা আইন রয়েছে। সিবিআই সেটাকে ভঙ্গ করেছে। আমরা বারবার বলেছি, বিধায়কদের ক্ষেত্রে বিধানসভাকে ছুঁয়ে যেতে হবে। কিন্তু বিধায়ককে গ্রেপ্তার করা হলেও সঠিক সময়ে তা জানানো হয়নি। সিবিআইয়ের এই ভূমিকায় আমি স্তম্ভিত। দুমদাম চাইলেই বিধায়কের বাড়ি যাওয়া যায় না। গ্রেপ্তার করা যায় না”। তিনি এও জানান যে এই বিষয়ে তিনি সিবিআই দফতরে চিঠি পাঠিয়েছেন।





