আজ ২৭ মার্চ থেকে শুরু হয়ে গেল বাংলায় ২১ এর বিধানসভা নির্বাচন। প্রথম দফার ভোট গ্রহণ পর্ব চলছে। এদিন পাঁচটি জেলার মোট ৩০ টি আসনে ভোট গ্রহণ পর্ব চলবে। তবে প্রথম পর্বের ভোটগ্রহণ একেবারেই সুষ্ঠু ভাবে হচ্ছে না। এদিন সকালে কেশিয়াড়ির বেগমপুরে এক বিজেপি কর্মীর মৃতদেহ উদ্ধার, খুনের অভিযোগ উঠেছে তৃণমূল কর্মীদের বিরুদ্ধে। যদিও বিজেপি কর্মীর মৃত্যু স্বাভাবিক বলেই নির্বাচন কমিশনকে রিপোর্ট দিয়েছে প্রশাসন।
সেই সঙ্গে শালবনীর ১৪০ নম্বর বুথে বিজেপির পোলিং এজেন্টকে বসতে দিতে বাধা। উত্তেজনা ছড়িয়েছে জামবনি গ্রামে সংযুক্ত মোর্চা সমর্থিত সিপিএম প্রার্থী সুশান্ত ঘোষকে ঘিরে তৃণমূল কর্মীদের বিক্ষোভ দেখানোর অভিযোগ উঠেছে। ভোটের আগের রাতেই স্পর্শকাতর এলাকায় টহলদারির সময় বোমাবাজিতে জখম হন পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীর জওয়ান। শুক্রবার রাতে ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুরের পটাশপুরে।
ভোটের দিন সকালে ইভিএম মেশিন খারাপ হওয়া নিয়ে শুরু হয়েছে বিতর্ক। পুরুলিয়ার প্রার্থী সুজয় বন্দ্যোপাধ্যায়ের অভিযোগ তৃণমূল যেখানে বেশি ভোট পাবে সেখানেই মেশিন খারাপ হচ্ছে। বাসন্তীতে উদ্ধার হয়েছে বোমা। বাসন্তীর আমঝাড়া গ্রামের একটি মাঠে ধানর খড়ের গাদার মধ্যে চারটি বোমা দেখতে পেয়ে স্থানীয়দের মধ্যে চাঞ্চল্য শুরু হয়েছে।





