বাংলাদেশ নিয়ে গুজব বা বিভ্রান্তি ছড়ালেই কড়া পদক্ষেপ, অপ্রীতিকর ঘটনা এড়াতে কড়া নজরদারি রাজ্য পুলিশের

কোটা বিরোধী আন্দোলনের জেরে বাংলাদেশ উত্তপ্ত। আন্দোলন শুরু হওয়ার পর থেকেই ওপার বাংলায় ঝরেছে রক্ত। প্রাণ গিয়েছে শ’য়ে শ’য়ে মানুষের। এই আন্দোলন চরম সীমায় পৌঁছয় গত রবিবার। গতকাল, সোমবার প্রধানমন্ত্রী পদ থেকে ইস্তফা দিয়ে দেশ ছাড়েন শেখ হাসিনা। আপাতত ভারতে রয়েছেন তিনি। বাংলাদেশের পরিস্থিতি নিয়ে যাতে বাংলায় কোনও অপ্রীতিকর পরিস্থিতি না তৈরি হয় বা কোনও বিভ্রান্তিমূলক পোস্ট যাতে কেউ না করেন, তা নিয়ে এবার কড়া হল রাজ্য পুলিশ।

গতকাল শেখ হাসিনা দেশ ছাড়ার পরই বাংলায় বার্তা দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কেউ যাতে কোনও ধরণের বিভ্রান্তি না ছড়ায় বা সোশ্যাল মিডিয়ায় যাতে কোনও বিদ্বেষমূলক পোস্ট না করা হয়, তা নিয়ে সতর্ক করেন তিনি। এমনকি, রাজনৈতিক নেতাদেরও সতর্ক থাকার নির্দেশ দেন তিনি। মুখ্যমন্ত্রীর সেই নির্দেশের পর এবার কড়া হল রাজ্য পুলিশ। কেউ কোনও উস্কানিমূলক মন্তব্য করলে বা সোশ্যাল মিডিয়ায় বিভ্রান্তি ছড়ালে কড়া পদক্ষেপের বার্তা দেওয়া হয়েছে।   

গতকাল, সোমবার রাজ্য পুলিশের তরফে একটি পোস্ট করে জানানো হয়, বাংলাদেশের ঘটনা নিয়ে অনেকেই নানান গুজব ছড়াচ্ছেন। নানান বিতর্কিত ছবি পোস্ট করা হচ্ছে। এই ধরণের পোস্ট করা থেকে বিরত থাকার নির্দেশ দেওয়া হল।

https://twitter.com/WBPolice/status/1820462863363805237?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1820462863363805237%7Ctwgr%5E1af1e8ddc988a1d49298d57a79afe46cafd44a9f%7Ctwcon%5Es1_&ref_url=https%3A%2F%2Fwww.thewall.in%2Fwest-bengal%2Fwest-bengal-police-surveillance-in-social-media-for-bangladesh-crisis%2Ftid%2F134649

এদিকে, কলকাতাতেও লালবাজারের তরফে বাংলাদেশ হাই কমিশনের নিরাপত্তা বাড়ানো হয়েছে বলে খবর। বাংলাদেশ হাই কমিশনের অফিসের সামনে পুলিশ কর্মীর সংখ্যা বাড়ানো হয়েছে। কলকাতা পুলিশের টেন্টেও বেশি সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে। বাংলাদেশ হাইকমিশনের সামনে বিক্ষোভের সম্ভাবনা রয়েছে। সেই কারণেই এই নিরাপত্তা বৃদ্ধি।

প্রতিবেশী দেশের বিক্ষোভের আঁচ যাতে এপার বাংলায় না পড়ে, সেদিকে নজর রাখতে দৃঢ় প্রতিজ্ঞ বিএসএফও। সীমান্তে বাড়ানো হয়েছে নিরাপত্তা। আপাতত ভারত-বাংলাদেশ সীমান্ত বন্ধ। পেট্রাপোলও বন্ধ করা হয়েছে। কোনও ঘটনায় কোনও অপ্রীতিকর পরিস্থিতির পূর্বাভাস পেলে আগাম পদক্ষেপের নির্দেশ দেওয়া হয়েছে রাজ্য পুলিশকে।

RELATED Articles