“পুলিশ শটগান ব্যবহার করে না, মিছিলের বহিরাগত লোকই গুলি করেছে”, উত্তরকন্যা অভিযানে বিজেপি কর্মীর মৃত্যু প্রসঙ্গে টুইট রাজ্য পুলিশের

গতকাল বিজেপি যুবমোর্চার উত্তরকন্যা অভিযান ঘিরে ধুন্ধুমার কাণ্ড বাঁধে। মিছিলে বাধার সৃষ্টি করে পুলিশ। ছোঁড়া হয় জলকামান, ফাটানো হয় কাঁদানে গ্যাসের শেল। এই মিছিলেই মৃত্যু হয় এক বিজেপি কর্মী উলেন রায়ের। বিজেপির তরফে অভিযোগ জানানো হয় যে, পুলিশের আঘাতে ও রবার বুলেটেই মৃত্যু হয় ওই বিজেপি কর্মীর। এবার নিজেদের সপক্ষে যুক্তি খাড়া করে একের পর এক টুইট করে পশ্চিমবঙ্গ পুলিশ।

জানা গিয়েছে, মৃত ওই বিজেপি কর্মীকে পুলিশ লাঠিচার্জও করে। বিজেপি নেতা কৈলাস বিজয়বর্গীয় দাবী করেন ওই ব্যক্তি রবার বুলেটে মারা গিয়েছেন। আহত হওয়ার পর তাকে তড়িঘড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হলে তাকে মৃত বলে ঘোষণা করা হয়। বিজেপি কর্মী এই মৃত্যুতে গর্জে উঠে গেরুয়া শিবির। আজ, মঙ্গলবার বিজেপি কর্মীর মৃত্যুর প্রতিবাদে উত্তরবঙ্গে ১২ ঘণ্টার ধর্মঘট ডাকা হয়েছে বিজেপির পক্ষ থেকে।

এরই মধ্যে রাজ্য পুলিশের তরফ থেকে টুইট করে দাবী করা হয় যে, পুলিশের গুলিতে একবারেই মৃত্যু হয়নি ওই বিজেপি কর্মীর। তাদের দাবী, বিজেপি কর্মী উলেন রায়কে খুব কাছ থেকে গুলি করা হয়েছে এবং গুলি করার জন্য শটগান ব্যবহার করা হয়েছে এমন তথ্যই উঠে এসেছে ময়নাতদন্তের রিপোর্টে। কিন্তু পুলিশের দাবী, এই ধরণের শট গান পুলিশ ব্যবহার করে না।

টুইটে পুলিশের পক্ষ থেকে বলা হয় যে, বিজেপি ওই মিছিলে বহিরাগতরাও ছিল। ওই মিছিলে আগ্নেয়াস্ত্র ব্যবহার করে উত্তেজনার সৃষ্টি করার চেষ্টা চালানোর ফন্দীও চলছিল বলে অভিযোগ রাজ্য পুলিশের। টুইটে তাদের স্পষ্ট দাবী যে এই কাজ মিছিলে উপস্থিত কোনও বহিরাগতই করেছে। তারা এও দাবী করেছেন যে, সিআইডিকে এই ঘটনার তদন্ত করার জন্য অনুরোধ করা হয়েছে। সত্যিটা সামনে এলে আসল দোষীর উপযুক্ত শাস্তির ব্যবস্থা করা হবে বলেও জানানো হয়েছে রাজ্য পুলিশের তরফে।

https://twitter.com/WBPolice/status/1336175674411810816

অন্যদিকে, মৃত ওই বিজেপি কর্মীর ময়নাতদন্ত নিয়েও বেড়েছে উৎকণ্ঠা। রাতের মধ্যেই কেন মৃত কর্মীর ময়নাতদন্ত করা হল, এই নিয়ে প্রশ্ন উঠেছে বিজেপি মহলে। দ্বিতীয়বার ময়নাতদন্ত করার দাবীও জানিয়েছে পদ্ম শিবির।

RELATED Articles