এবার ঝাড়গ্রামে আক্রান্ত একদা মাওবাদী তথা অধুনা তৃণমূল নেতা ছত্রধর মাহাতো।ঝাড়গ্রামে দলীয় সভায় যোগ দিতে গিয়ে গ্রামবাসীদের বাঁধার মুখে পড়েন তিনি।
সম্মিলিত আওয়াজ ওঠে ‘খুনি ছত্রধর দূর হঠো’! প্ল্যাকার্ড হাতে বিক্ষোভ দেখান গ্রামবাসীরা। প্রায় এক ঘণ্টা ধরে চলা এই বিক্ষোভে আটকে ছিলেন ছত্রধর।নিরাপত্তারক্ষীদের নিয়ে গাড়িতেই বসে ছিলেন তিনি। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছন ঝাড়গ্রামের SDPO ও IC. পুলিশি নিয়ন্ত্রণে আয়ত্তে আসে পরিস্থিতি।
প্রসঙ্গত, সোমবার পাটাশিমুল গ্রামে তৃণমূলের সভায় যোগদান করতে যাচ্ছিলেন ছত্রধর। গ্রামে ঢোকার মুখে তাঁর গাড়ি আটকে বিক্ষোভ দেখাতে থাকেন স্থানীয়রা। কয়েকজন মহিলা গাড়ির সামনে শুয়ে পড়েন। তাঁদের অভিযোগ, এই ছত্রধরের মদতেই ২০০৯ সালের পর থেকে গ্রামে নাগাড়ে মাওবাদীরা ঢুকতে শুরু করে। স্থানীয় এক ডাকাতের নেতৃত্বে খুন করা হয় ১৩ জন গ্রামবাসীকে।
উদ্ধার হওয়ার পর অবশ্য সভায় যোগদান করে ১৫ মিনিট বক্তব্য রাখেন ছত্রধর।
এই ঘটনায় তৃণমূল অভিযোগ তুলেছে বিজিপির দিকে, শাসকদলের দাবি, পাটাশিমুল পঞ্চায়েতটি বিজেপির দখলে। সিপিএমের লোকজনই বিজেপিতে যোগদান করে পঞ্চায়েত দখল করেছে। তাই ছত্রধরকে ঘেরাও করে বিক্ষোভ দেখাচ্ছে তারা।






