সপ্তাহের শুরুর দিকেই কলকাতা সহ গোটা দক্ষিণবঙ্গে নামল বৃষ্টির জোয়ার। মঙ্গলবার সকাল থেকেই ঘুম ভাঙতেই ছাতা হাতে রাস্তায় নেমেছেন শহরবাসী। একটানা বৃষ্টিতে যানজটও বেড়েছে শহরের বিভিন্ন প্রান্তে।
আবহাওয়া দফতর জানিয়েছে, বর্তমানে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপর একটি নিম্নচাপ অবস্থান করছে। এটি ধীরে ধীরে পশ্চিম ও উত্তর-পশ্চিম দিকে সরে গিয়ে ঝাড়খণ্ড ও উত্তর ছত্রিশগড়ের দিকে এগোবে। তারই প্রভাবে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় আজ ভারী বৃষ্টির সতর্কতা জারি হয়েছে।
দক্ষিণবঙ্গের আবহাওয়া:
কলকাতা, হাওড়া, হুগলি, পুরুলিয়া, ঝাড়গ্রাম ও দক্ষিণ ২৪ পরগনায় আজ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়া অন্য জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।
আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, দক্ষিণবঙ্গের কিছু অংশে ৩০–৪০ কিমি গতিতে দমকা হাওয়া বইতে পারে। তবে স্বস্তির খবর এই যে, মঙ্গলবার বিকেল থেকেই পরিস্থিতির কিছুটা উন্নতি হতে পারে।
বুধবার থেকে শুক্রবার পর্যন্ত বৃষ্টির পরিমাণ অনেকটাই কমবে, ভারী বৃষ্টির সম্ভাবনা নেই বলেই জানিয়েছে হাওয়া অফিস। তবে শনিবার থেকে আবারও বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
উত্তরবঙ্গের আবহাওয়া:
আজ মঙ্গলবার দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহার জেলায় বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে বৃহস্পতিবার থেকে বৃষ্টির দাপট কিছুটা কমবে।
আরও পড়ুনঃ শনি গোচর ২০২৫: ৩০ বছর পর বিরল যোগ! দুরন্ত চাল শনিদেবের, তিন রাশির ভাগ্যে রাজযোগ—উপচে পড়বে টাকা, খুলবে পোড়া কপাল
কলকাতার আবহাওয়া:
আজ সারাদিনই মেঘলা আকাশ থাকার সম্ভাবনা। সঙ্গে থাকতে পারে বিক্ষিপ্ত বৃষ্টি ও দমকা হাওয়া। দিনের তাপমাত্রা অনেকটাই নিয়ন্ত্রণে থাকলেও স্যাঁতসেঁতে আবহাওয়ার জন্য অস্বস্তি থাকবেই।





