বাংলায় ফের সক্রিয় মৌসুমী অক্ষরেখা! বৃষ্টির ঝোড়ো ইনিংসের আশঙ্কা, ভারী বৃষ্টিপাত হবে দক্ষিণবঙ্গে জেলায়, জেনে নিন আপডেট!

ঝোড়ো ইনিংসের পর কিছুটা সাময়িক বিরতি নিয়েছিল বৃষ্টি। অবশেষে বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপের হাত ধরে ফের বাংলায় ফিরেছে বৃষ্টি। শহরের মন খারাপ যেন ঘনিয়েছে আকাশেও। তাই মঙ্গলবার সারাদিন আকাশের ছিল মুখভার। দক্ষিণবঙ্গের একাধিক জেলা ছিল মেঘে ঢাকা হয়েছে অল্পবিস্তর বৃষ্টিপাতও। বুধবার থেকে বৃষ্টিপাত আরও বাড়বে রাজ্যে সে কথাই জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।

বুধবার এবং বৃহস্পতিবার রাজ্যের বেশ কয়েকটি জেলায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা জারি করা হয়েছে। দক্ষিণবঙ্গের উপকূল লাগোয়া জেলাগুলি ছাড়াও পশ্চিমের জেলাগুলিতেও বৃষ্টি দাপট থাকবে বলেই মনে করা হচ্ছে। বঙ্গোপসাগরে তৈরি হওয়া অতি গভীর নিম্নচাপ বুধবার শক্তি হারিয়ে সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হবে। আর এর জেরেই গোটা রাজ্যে বৃষ্টিপাত ঘটবে বলেই মনে করছেন আলিপুর আবহাওয়া দফতরের আবহাওয়াবিদরা।

হাওয়া অফিসের খবর অনুযায়ী, আজ দক্ষিণবঙ্গে দুই ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুরের কিছু কিছু জায়গায় ভারী বৃষ্টিপাত হতে পারে। বৃহস্পতিবার বৃষ্টিপাতের দাপট বৃদ্ধি পাবে বলেই জানাচ্ছে হাওয়া অফিস। উত্তর ২৪ পরগনা, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ায় ভারী বৃষ্টিপাত হতে পারে বৃহস্পতিবার। কলকাতা সহ বাকি জেলায় বুধবার থেকে শুক্রবার কোথাও কোথাও বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টিপাত হতে পারে।

ভারী বৃষ্টি পাতে সম্ভাবনা থাকছে উত্তরবঙ্গের বেশিরভাগ জেলাতেই। দার্জিলিং, কালিম্পং মালদা ও উত্তর দিনাজপুরে ভারী বৃষ্টি সম্ভাবনা থাকছে আজ। দার্জিলিং এবং কালিম্পং এর পার্বত্য এলাকাগুলিতে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। বৃহস্পতিবার এবং শুক্রবার বৃষ্টিপাতের পরিমাণ বাড়তে পারে বলেই জানিয়েছে আবহাওয়া দফতর।

আজ, বুধবার কলকাতায় ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। তবে বজ্রবিদ্যুৎ-সহ সামান্য বৃষ্টিপাত হলেও হতে পারে। আগামীকাল বৃহস্পতিবার থেকে বৃষ্টিপাতের সম্ভাবনা বৃদ্ধি পাবে এবং বৃষ্টিপাত চলতে পারে শুক্রবার পর্যন্ত। আজ কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩৩ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৮ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ থাকবে সর্বোচ্চ ৭৯ শতাংশ। ফলে আর্দ্রতাজনিত সমস্যা দেখা যাবে।

Debdut Bhattacharjee

আরও পড়ুন

RELATED Articles