পশ্চিমি ঝঞ্ঝার প্রভাবে বাধা শীতের দাপট, কেমন থাকবে আগামী কয়েক দিন?

পশ্চিমবঙ্গে(west bengal) শীতের মরসুম মানেই উত্তরের হিমেল হাওয়া আর ঠান্ডা পরিবেশ। তবে এ বছর শীতের আবহাওয়া যেন কিছুটা ভিন্ন। ডিসেম্বর মাস পেরিয়ে জানুয়ারির মাঝামাঝি পৌঁছেও সেই কাঙ্ক্ষিত ঠান্ডা অনুভব করতে পারছেন না রাজ্যবাসী। হিমেল হাওয়া নেই বললেই চলে। এমনকি শীতের জাঁকিয়ে পড়ার সম্ভাবনাও ক্রমশ ক্ষীণ হচ্ছে। এই অবস্থায় আবহাওয়ার পরিবর্তন নিয়ে বিভিন্ন জল্পনা শুরু হয়েছে।

আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, নতুন করে পশ্চিমি ঝঞ্ঝার প্রভাব পড়তে চলেছে রাজ্যে। এর ফলে আগামী কয়েক দিন রাতের তাপমাত্রায় তেমন কোনো বড়সড় পরিবর্তন হবে না। জেলায় জেলায় শীতের আমেজ থাকলেও জাঁকিয়ে শীত পড়ার সম্ভাবনা আপাতত নেই। আগামী পাঁচ দিন রাজ্য জুড়ে শুষ্ক আবহাওয়ার পূর্বাভাস দেওয়া হয়েছে। বৃষ্টি পড়ারও কোনো সম্ভাবনা নেই বলে জানিয়েছে দফতর।

উত্তরবঙ্গে মাঝারি থেকে ঘন কুয়াশার সম্ভাবনা রয়েছে। বিশেষত দার্জিলিং, আলিপুরদুয়ার এবং কোচবিহারে দৃশ্যমানতা ২০০ মিটারের নিচে নেমে আসতে পারে। দক্ষিণবঙ্গেও হালকা থেকে মাঝারি কুয়াশা দেখা যাবে। পশ্চিম বর্ধমান, বীরভূম, এবং মুর্শিদাবাদে কুয়াশার ঘনত্ব কিছুটা বেশি হবে। তবে দিনভর পরিষ্কার আকাশের পূর্বাভাস রয়েছে, যা শীতের দিনে রোদের উষ্ণতায় স্বস্তি দেবে।

কলকাতার পরিস্থিতিও একইরকম। শহরের তাপমাত্রা সামান্য কমে ১৪ ডিগ্রির ঘরে থাকলেও তা স্বাভাবিকের থেকে খুব বেশি হেরফের হচ্ছে না। সকাল এবং সন্ধ্যায় কিছুটা ঠান্ডার অনুভূতি থাকবে। তবে দিনের বেলায় রোদের তেজ তাপমাত্রাকে তুলনামূলকভাবে সহনীয় রাখছে। সর্বনিম্ন তাপমাত্রা ১৪ থেকে ১৫ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ঘোরাফেরা করবে। আগামী পাঁচ দিনে বৃষ্টির সম্ভাবনা একেবারেই নেই।

আরও পড়ুনঃ সোনালি অধ্যায়! বুধাদিত্য রাজযোগে ৩ রাশির ভাগ্য বদল!

আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, রবিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৪.৮ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে সামান্য বেশি। শনিবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৪.৫ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে কিছুটা কম। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ৫২ থেকে ৮৯ শতাংশের মধ্যে রয়েছে। আগামী ২৪ ঘণ্টায় শহরের তাপমাত্রা ১৫ থেকে ২৫ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে। শীতের আমেজ থাকলেও জাঁকিয়ে শীত পড়ার সম্ভাবনা নেই।

RELATED Articles