শিলিগুড়ি পুরনিগমের মেয়রের নাম আগেই ঘোষণা করেছিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। প্রত্যাশা মতোই শিলিগুড়ি পুরনিগমের মেয়র হয়েছেন গৌতম দেব। এরপর বাকি তিন পুরনিগমের মেয়র কারা হবেন, তা নিয়ে বেশ জল্পনা চলছিল। অবশেষে সেই জল্পনার অবসান ঘটল। ঘোষণা করা হল আসানসোল, বিধাননগর ও চন্দননগর পুরসভার মেয়রের নাম।
বিধাননগরে কৃষ্ণা চক্রবর্তী ও সব্যসাচী দত্তের নাম নিয়ে জল্পনা তৈরি হলেও শেষ পর্যন্ত কৃষ্ণা চক্রবর্তীর উপরেই ভরসা রাখলেন দলনেত্রী। তিনিই হলেন বিধাননগরের মেয়র। আর প্রাক্তন মেয়র সব্যসাচী দত্তকে করা হল চেয়ারম্যান। এই পুরনিগমের ডেপুটি মেয়র হলেন অনিতা মণ্ডল। এদিন তাঁর নাম মেয়র হিসেবে ঘোষণা করার পর আবেগে ভাসলেন কৃষ্ণা চক্রবর্তী। বললেন, “দিদির সঙ্গে দেখা করবই। দিদি ছাড়া আমার আর কে আছে”।
অন্যদিকে, আসানসোল পুরনিগমের মেয়র হলেন বিধান উপাধ্যায়, ডেপুটি মেয়র হিসেবে নাম ঘোষণা অভিজিৎ ঘটকের। এই পুরনিগমের চেয়ারম্যান হলেন অমরনাথ চট্টোপাধ্যায়। ফিরহাদ হাকিম জানান যে আসানসোলে পরবর্তীতে দু’জন ডেপুটি মেয়র থাকবেন। এই নিয়েবিধানসভায় সেই প্রস্তাব আনা হবে বলেও জানা গিয়েছে।
এছাড়াও চন্দননগরের মেয়র হলেন রাম চক্রবর্তী। অন্যান্য পদে কারও নাম এখনও ঘোষণা করা হয়নি। আর অন্যান্য পদে কারোর নাম এখনও পর্যন্ত ঘোষণা করা হয়নি। আজ, শুক্রবার তৃণমূলের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে দলের শীর্ষনেতৃত্বের সঙ্গে বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রসঙ্গত, গত ১১ই ফেব্রুয়ারি এই চার পুরনিগমে নির্বাচন হয়। এরপর ১৪ই ফেব্রুয়ারি ফল প্রকাশ।





