শেষ হল রাজ্যে ভোটগ্রহণ পর্ব। আজ অষ্টম অর্থাৎ শেষ দফায় ভোট ছিল ৫ জেলার ৩৫টি আসনে। যদিও ২টি আসনে ভোট এখনও বাকী। সামশেরগঞ্জ ও জঙ্গিপুর কেন্দ্রে। তবে বাকী ২৯২ আসনে বুথ ফেরত সমীক্ষার ফলাফল জানা গিয়েছে। এই ফল দেখে এবার মনে হচ্ছে তৃণমূলের ভোটকুশলী প্রশান্ত কিশোরের চাকরিটা হয়ত এবার সত্যিই যাবে।
আসলে বেশ কিছুমাস আগে প্রশান্ত কিশোর একটি টুইট করে দাবী করেছিলেন যে এই বিধানসভা নির্বাচনে বিজেপি দুই অঙ্কের আসন সংখ্যাও পার করতে পারবে না। অর্থাৎ, তাঁর মতে, বিজেপি ১০০টি আসনও পাবে না। কিন্তু বুথ ফেরত সমীক্ষার ফল অন্য কথাই বলছে। নানান সংবাদমাধ্যমের বুথ ফেরত সমীক্ষা অনুযায়ী, বিজেপি ১০০-এর অনেক বেশি সংখ্যার আসনেই জিতেছে।
For all the hype AMPLIFIED by a section of supportive media, in reality BJP will struggle to CROSS DOUBLE DIGITS in #WestBengal
PS: Please save this tweet and if BJP does any better I must quit this space!
— Prashant Kishor (@PrashantKishor) December 21, 2020
আরও পড়ুন- বাংলায় সরকার গড়বে বিজেপিই, বলছে বুথ ফেরত সমীক্ষা
‘টাইমস নাও’-এর বুথ ফেরত সমীক্ষা অনুযায়ী, এই নির্বাচনে তৃণমূলের দখলে থাকবে ১৫৮টি আসন। বিজেপি পাবে ১০০ পেরিয়ে ১১৫টি আসন। অন্যদিকে, সংযুক্ত মোর্চা পাবে ১৯টি আসন।
আবার টিভি ৯ বাংলার বুথ ফেরত সমীক্ষা বলছে, তৃণমূল জয়ী হবে ১৪২-৪৫২টি আসনে। বিজেপি পাবে ১২৫-১৩৫টি আসন। আর বাকী ১৬-২৬টি আসনে জিতবে সংযুক্ত মোর্চা। এই দুই বুথ ফেরত সমীক্ষা অনুযায়ী রাজ্যে ফের ক্ষমতায় আসবে তৃণমূল।
আবার, ‘জান কি বাত’ সংবাদমাধ্যমের বুথ ফেরত সমীক্ষা অনুযায়ী, তৃণমূল পাবে ১০৪-১২১টি আসন। বিজেপি জিতবে ১৬২-১৮৫টি আসন নিয়ে। অন্যদিকে, সংযুক্ত মোর্চার দখলে থাকবে ৩-৯টি আসন।
রিপাবলিক বাংলা সংবাদমাধ্যম ও সমীক্ষা সংস্থা সিএনএক্স-এর বুথ ফেরত সমীক্ষায় দেখা যাচ্ছে, ২৯৪টি আসনের মধ্যে তৃণমূল পাবে ১২৮-১৩২টি আসন। অন্যদিকে, সংযুক্ত মোর্চা পেতে পারে ১১-২১টি। আর বাকী আসন যাবে বিজেপির খাতায়। অর্থাৎ ১৩৮-১৪৮টি আসন নিয়ে বাংলায় ক্ষমতা গড়বে বিজেপি, এমন একটা সম্ভাবনা রয়েছে।
তবে যে-ই ক্ষমতায় আসুক না কেন, বিজেপি যে ১০০-এর গণ্ডি পার করবে, সে বিষয়ে কোনও দ্বিমত নেই। সেক্ষেত্রে এবার প্রশান্ত কিশোর কতটা নিজের কথায় স্থির থাকেন এবং তিনি পরবর্তী কী সিদ্ধান্ত নেন, এখন সেটাই দেখার।





