জানুয়ারির (January) শেষের দিক। শীতের মরশুমের শেষ লগ্নে দাঁড়িয়ে কী বিদায় নিচ্ছে শীত? বর্ষার মতো শীতও বছর বছর তার গতিপথ বদলাচ্ছে। মাঘের শীত কি এবার পড়ল না? কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রা বেশ খানিকটা বেড়েছে। শীতের ছোঁয়া যেন উধাও হয়ে গিয়েছে শহরের আনাচে কানাচে। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, জানুয়ারি শেষ হলেও দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আর জাঁকিয়ে শীত পড়ার সম্ভাবনা নেই। তবে উত্তরবঙ্গে কোথাও কোথাও বৃষ্টির পূর্বাভাস রয়েছে।
গাঙ্গেয় পশ্চিমবঙ্গে আগামী দু-তিন দিন তাপমাত্রা আরও খানিকটা বাড়তে পারে। এরপর সামান্য কমার সম্ভাবনা থাকলেও জাঁকিয়ে শীত পড়বে না বলেই জানিয়েছে হাওয়া অফিস। জানুয়ারি মাসের শেষদিকে কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ২৬ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ১৫ ডিগ্রির আশেপাশে। দক্ষিণের জেলাগুলিতে হালকা থেকে মাঝারি কুয়াশার সম্ভাবনা থাকছে। পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমান, বীরভূম এবং মুর্শিদাবাদে কুয়াশার প্রভাব বেশি থাকবে বলে জানানো হয়েছে।
উত্তরবঙ্গে আজ দার্জিলিং এবং কালিম্পঙে হালকা বৃষ্টি এবং পার্বত্য এলাকাগুলিতে তুষারপাতের সম্ভাবনা রয়েছে। এই দুটি এলাকায় মঙ্গলবার এবং বুধবারও একইরকম আবহাওয়া বজায় থাকবে। জলপাইগুড়ি, কোচবিহার এবং উত্তর দিনাজপুরে কুয়াশার দাপট থাকবে। তবে দার্জিলিং ও কালিম্পঙ বাদে উত্তরবঙ্গের অন্যান্য এলাকাগুলিতে শুষ্ক আবহাওয়া বজায় থাকবে।
দক্ষিণবঙ্গে আগামী কয়েক দিন সর্বোচ্চ তাপমাত্রা ২৫-২৬ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ১৫-১৭ ডিগ্রির আশেপাশে থাকতে পারে। সামান্য উষ্ণতা বেড়ে গেলেও রাতের দিকে ঠান্ডার একটা হালকা আমেজ থাকবে। তবে তীব্র শীতের কোনও সম্ভাবনা নেই বলেই জানিয়েছে হাওয়া অফিস।
আরও পড়ুনঃ বিশেষ অমাবস্যায় জীবনে আসবে সুখ-সমৃদ্ধি! জেনে নিন কারা পাবেন এই শুভ সময়ের আশীর্বাদ!
সাধারণত ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে তাপমাত্রা আরও খানিকটা বাড়তে শুরু করে। তবে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে কুয়াশার প্রকোপ কিছুদিন আরও থাকতে পারে। এমন পরিস্থিতিতে আবহাওয়া দফতর থেকে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে, বিশেষত কুয়াশায় গাড়ি চালানোর সময় বাড়তি সতর্কতা নেওয়ার জন্য। শীত বিদায়ের মাঝেই এই আবহাওয়ার পরিবর্তন নিয়ে সতর্ক থাকাই বুদ্ধিমানের কাজ।





