নভেম্বরের দ্বিতীয় সপ্তাহ চলছে কিন্তু তাও শীতের দেখা নেই রাজ্যে। বেলা বাড়লেই সূর্যের তাপে রীতিমতো গলদঘর্ম হওয়ার জোগাড়। কবে ঠাণ্ডা পড়বে রাজ্যে, তা নিয়ে বেশ উদ্বেগের মধ্যেই ছিল বঙ্গবাসী। তবে এবার সুখবর আনল আলিপুর আবহাওয়া দফতর। শীঘ্রই এবার লেপ-কম্বল গায়ে জড়ানোর দিন আসছে।
আবহাওয়া দফতর সূত্রে খবর, এই মুহূর্তে দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্ত রয়েছে। শনিবারের মধ্যেই তা নিম্নচাপে পরিণত হবে। এর জেরে তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশের উপকূলে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। যদিও বাংলায় এই ঘূর্ণাবর্তের সরাসরি অরভাব পড়বে না তবে নিম্নচাপের জেরে উত্তুরে হাওয়া প্রবেশে ঘটছে বাধা।
তবে এবার শীঘ্রই দূর হবে সেই বাধা। হাওয়া অফিসের তরফে জানানো হয়েছে, আগামী ১৫ নভেম্বর থেকেই বঙ্গে বদলাতে শুরু করবে আবহাওয়া। ধীরে ধীরে উত্তুরে হাওয়া প্রবেশের অনুকূল পরিবেশ তৈরি হচ্ছে বাংলায়। এর জেরে নামবে তাপমাত্রা। ইতিমধ্যেই পশ্চিমের জেলাগুলিতে হালকা শিরশিরানি ভাব অনুভূত হচ্ছে। আগামী শুক্রবার থেকেই কলকাতা-সহ রাজ্যের অন্যান্য জেলাতেও শীতের আমেজ থাকবে।
আজ, শনিবার দক্ষিণবঙ্গের আকাশ পরিষ্কার থাকবে। বজায় থাকবে শুষ্ক আবহাওয়া। বেলা বাড়লে আকাশ আংশিক মেঘলা হলেও বৃষ্টির সম্ভাবনা নেই। অন্যদিকে, উত্তরবঙ্গের আবহাওয়াও এখন শুষ্কই থাকবে বলে জানা গিয়েছে। তবে দার্জিলিং ও কালিম্পংয়ের পার্বত্য এলাকায় খুব সামান্য বৃষ্টি হলেও হতে পারে।
হাওয়া অফিস সূত্রে খবর, আগামী চার-পাঁচদিন শহরে তাপমাত্রার তেমন হেরফের হবে না। আজ, শনিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২৩.৩ ডিগ্রি সেলসিয়াস। গতকাল, শুক্রবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩১ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ৫৬৯-৯৪ শতাংশের মধ্যে।





