শীতের আমেজে ধাক্কা, নিম্নচাপের প্রভাবে দু’দিন ধরে বৃষ্টি, বাড়ছে তাপমাত্রার পারদ!

শীতের মাঝেই পশ্চিমবঙ্গের আবহাওয়ায় বড়সড় বদল আসতে চলেছে। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের প্রভাবে রাজ্যে দু’দিন হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। শুক্রবার এবং শনিবার রাজ্যের প্রায় সমস্ত জেলাতে বৃষ্টি হতে পারে। দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গেও কিছু এলাকায় বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। এই নিম্নচাপের কারণে রাজ্যে জলীয় বাষ্প ঢুকে আবহাওয়ার পরিবর্তন ঘটবে।

দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় শুক্রবার থেকে বৃষ্টি শুরু হবে। কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম, এবং মুর্শিদাবাদে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। শনিবারও কলকাতা-সহ বেশ কয়েকটি জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আবহাওয়া দফতর জানিয়েছে, বৃষ্টির পাশাপাশি কিছু এলাকায় কুয়াশার দাপট দেখা যেতে পারে।

উত্তরবঙ্গেও নিম্নচাপের প্রভাব পড়তে চলেছে। দার্জিলিং এবং কালিম্পংয়ে বৃষ্টির পূর্বাভাস রয়েছে। তবে উত্তরবঙ্গের বাকি জেলাগুলিতে আবহাওয়া মূলত শুষ্ক থাকবে। কিছু জায়গায় ঘন কুয়াশার সতর্কবার্তা জারি করা হয়েছে। রাজ্যের আকাশ বৃহস্পতিবার থেকেই মেঘলা হয়ে যেতে পারে।

বৃষ্টির ফলে শীতের তীব্রতা কিছুটা কমতে পারে। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, তাপমাত্রার পারদ ২-৩ ডিগ্রি পর্যন্ত বেড়ে যেতে পারে। বৃহস্পতিবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ২৬ ডিগ্রি এবং সর্বনিম্ন তাপমাত্রা ১৬ ডিগ্রির কাছাকাছি থাকবে বলে জানানো হয়েছে।

আরও পড়ুনঃ সূর্য এবং চন্দ্রের মিলন! কোন রাশির জাতক জাতিকারা সতর্ক থাকবেন?

কলকাতার পাশাপাশি দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাগুলিতেও তাপমাত্রা বাড়তে পারে। হালকা বৃষ্টির সঙ্গে বাতাসে আর্দ্রতার পরিমাণ বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে। ফলে রাজ্যের শীতপ্রেমী মানুষের জন্য সামনের দিনগুলো হয়তো শীতের স্বাভাবিক আমেজ কিছুটা কমিয়ে দেবে।

আরও অন্যান্য খবর