ফেব্রুয়ারির শেষে যখন ধীরে ধীরে গরমের হাতছানি মিলছিল, তখন আচমকাই আবার ফিরল শীতের পরশ। সকাল-বিকেল বেশ হালকা ঠান্ডা, রাতের দিকে রীতিমতো কাঁপুনি ধরাচ্ছে। অথচ দিনের বেলায় রোদের তেজ গ্রীষ্মের ইঙ্গিত দিচ্ছে। এই অদ্ভুত আবহাওয়া রাজ্যবাসীকে বিভ্রান্ত করে তুলেছে। অনেকেই গরমের পোশাক গুছিয়ে ফেলে দিয়েছিলেন, আবার কেউ কেউ পাতলা শীতের পোশাকেই দিব্যি স্বস্তিতে দিন কাটাচ্ছেন।
তবে এই আরাম কতদিনের? আবহাওয়া অফিস জানাচ্ছে, এই আবহাওয়া বেশিদিন স্থায়ী নয়। কয়েকদিনের মধ্যেই বদলে যাবে চেনা পরিবেশ। শীতের আমেজকে পুরোপুরি সরিয়ে দিতে আসছে দাবদাহ! কিন্তু তার আগে কিছু জেলার জন্য রয়েছে বিশেষ বার্তা। আগামী কয়েকদিনের মধ্যে কোথাও কোথাও নামতে চলেছে বৃষ্টি।
আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, দক্ষিণবঙ্গে আপাতত বৃষ্টির সম্ভাবনা নেই। হাওড়া, হুগলি, দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়া, বীরভূম, নদিয়া, মুর্শিদাবাদ, দুই বর্ধমান— কোনও জেলাতেই বৃষ্টি হবে না। তবে রাতের দিকে ঠান্ডা অনুভূত হলেও দিনে গরমের প্রভাব বাড়তে শুরু করেছে। আগামী সপ্তাহে তাপমাত্রা ২-৩ ডিগ্রি বাড়বে, ফলে বেশ গরম লাগবে। তবে এই মুহূর্তে কলকাতার আকাশ পরিষ্কার থাকবে। বাতাসে আর্দ্রতার পরিমাণ খুব বেশি না থাকায় বেলা বাড়তেই গরম অনুভূত হবে। আগামী ২-৩ দিনের মধ্যে রাতের শীতের অনুভূতিও কমবে। আবহাওয়াবিদরা বলছেন, এই সপ্তাহের শেষে গরমের দাপট আরও বাড়তে পারে।
শীতের শেষে দক্ষিণবঙ্গ যখন গরমের দিকে এগোচ্ছে, তখন উত্তরের কয়েকটি জেলায় উলটো চিত্র। দার্জিলিং, কালিম্পং এবং জলপাইগুড়িতে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আজ দার্জিলিংয়ে একাধিক জায়গায় ঝিরঝিরে বৃষ্টি হতে পারে। কাল ও পরশু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে এই জেলাগুলির কিছু অংশে। উত্তরবঙ্গে বৃষ্টি হলেও পারদ খুব একটা নামবে না। তবে আবহাওয়া মেঘলা থাকবে, ফলে দিনের দিকে হালকা শীত শীত ভাব থাকবে। তবে আগামী সপ্তাহের মধ্যে এই জেলাগুলিতেও ধীরে ধীরে গরমের দাপট বাড়বে বলে অনুমান আবহাওয়াবিদদের।
আরও পড়ুনঃ ১৪ মার্চ সূর্যের রাশি পরিবর্তন, এই ৫ রাশির জীবনে আসবে চমকপ্রদ মোড়!
এই মুহূর্তে দক্ষিণবঙ্গে রাতের দিকে শীতের আমেজ থাকলেও মার্চের প্রথম সপ্তাহে ছবিটা বদলে যাবে। বিশেষ করে হোলির আগে গরম বাড়তে শুরু করবে। হাওয়া অফিস জানিয়েছে, আগামী সপ্তাহের শেষ দিকে দক্ষিণবঙ্গের বেশিরভাগ জায়গাতেই সর্বোচ্চ তাপমাত্রা ৩৪-৩৬ ডিগ্রি ছুঁতে পারে। অর্থাৎ যারা এখনও শীতের আমেজ উপভোগ করছেন, তারা প্রস্তুত হয়ে যান। আর কয়েকদিনের মধ্যেই ফের ফিরে আসছে গ্রীষ্মের দাবদাহ!





