ঘোড়া এক বড়ই নিরীহ প্রাণী। এই শাকাহারি প্রাণীকে নিয়ে সেভাবে ভয় পাওয়ার কিছু নেই যতক্ষণ না তাকে ঊর্ধ্বশ্বাসে ছুটতে দেখতে পাওয়া যায়। কারণ সেই সময় ঘোড়ার রূপ সত্যিই মনে ভয় ধরায়। আরও একটি সময় ঘোড়া মানুষ তথা বাঙালির মনে আশঙ্কার সৃষ্টি করে। তা হল দুর্গাপুজোর সময়।
কিন্তু কেন এমনটা হয়?
বাঙালির সবথেকে বড় উৎসব হল দুর্গাপুজো। এই সময় চারদিনের জন্য নিজের সন্তানদের নিয়ে মর্ত্যে আবির্ভূতা হন দেবী দুর্গা। মা দুর্গার বাহন সিংহ। মায়ের প্রত্যেক সন্তানেরই আলাদা আলাদা বাহন রয়েছে। তবে সেই সুদূর কৈলাস থেকে মর্ত্যে দেবীর আগমন বা মর্ত্য থেকে ফের কৈলাসে গমনের জন্য আলাদা আলাদা বাহন রয়েছে দেবীর। এই বাহনগুলি হল- অশ্ব অর্থাৎ ঘোড়া, গজ অর্থাৎ হাতি, নৌকা ও দোলা। এই প্রত্যেক বাহনেরই আবার আলাদা আলাদা তাৎপর্য রয়েছে।
কী কী তাৎপর্য রয়েছে আলাদা আলাদা বাহনের?
দেবী যদি গজে আগমন করেন, তাহলে সেটিকে অত্যন্ত শুভ বলে ধরা হয়। হাতিতে চড়ে শিবজায়া পিত্রালয়ে এলে শস্যশ্যামলা হয়ে ওঠে ধরিত্রী, পর্যাপ্ত বৃষ্টি হয়। মায়ের সঙ্গেই শান্তি নেমে আসে ধরাধামে।
আবার দেবীর দোলায় আগমনকে অশুভ বলে ধরা হয়। কথিত আছে, দোলায় চেপে দুর্গার আগমন ঝড়-বৃষ্টি সহ বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগের পূর্বাভাস। এমনকী, হতে পারে মহামারীও।
দেবীর যদি নৌকায় আগমন ঘটে, তাহলে তা কৃষি সমৃদ্ধির ইঙ্গিত বহন করে। ফসলের ফলন ভালো হয়, সুজলা সুফলা হয়ে ওঠে মায়ের বাপের বাড়ির পাড়া। তবে মা নৌকায় এলে আবার বন্যারও পূর্বাভাস। তবে বন্যার জল সরে গেলেই উর্বর পলিমাটিতে চাষের কাজ ভালো হয়।
দেবীর অশ্বে অর্থাৎ ঘোড়ায় আগমন বা গমনের তাৎপর্য কী?
দেবী দুর্গা যদি ঘোড়ায় চড়ে মর্ত্যে আসেন, তাহলে তা বেশ আশঙ্কার বলেই মনে করেন শাস্ত্রজ্ঞরা। আসলে ঘোড়া যখন ঊর্ধ্বশ্বাসে ছোটে, তখন খুরের জেরে ধুলো ওড়ে, আকাশ ঢেকে যায় ধুলোতে, রাস্তায় ভিড় থাকলে তা ছত্রভঙ্গ হয়। ফলে দেবী দুর্গা ঘোড়ায় চড়ে মর্ত্যে এলে তা দেশের আর্থিক ও সামাজিক পরিস্থিতির জন্য খারাপ বলে ম্ন্র করা হয়।
কী হয় এর ফল?
মানুষে মানুষে হানাহানি বাড়ে, দুর্ঘটনা ঘটে, রাজনৈতিক অস্থিরতা এবং সামাজিক বিশৃঙ্খলা তৈরি হতে পারে বলে জানিয়েছেন শাস্ত্রবিদরা। খরা এবং শস্যহানিও হতে পারে। সব মিলিয়ে টালমাটাল পরিস্থিতি তৈরি হওয়ার আশঙ্কা। বিশেষত দেবীর আগমন এবং গমন দুইই যদি একই বাহনে হয়, তাহলে তা ঘোর সর্বনাশের ইঙ্গিতবাহী। এই বছর মা দুর্গার মর্ত্যে আগমন ও গমন দুই-ই ঘোড়ায়।
তবে কী এটা কোনও মহাপ্রলয়ের ইঙ্গিত?
শাস্ত্রবিদরা বলছেন, দেবীর ঘোড়ায় চড়ে মর্ত্যে আসা বিপদের ইঙ্গিত বহন করলেও, মা ফিরেও যাচ্ছেন সেই ঘোড়ায় চড়েই। ফলে কোনও দুর্যোগ যদি এসেও থাকে, তাহলেও মা দুর্গা তা সঙ্গে করে নিয়েই ফিরবেন। এর ফলে সাময়িকভাবে পরিস্থিতি খারাপ হলেও, পরবর্তীতে ফল ভালোই হবে।






